ঝালকাঠিতে বাসে আগুনের ঘটনায়মামলা, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে বিআরটিসির যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতের ২৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত শনিবার রাতে বাসের চালক রুহুল আমীন বাদী হয়ে এ মামলা করেন। একই রাতে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জেলা জামায়াতের নেতা ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মজিবুর রহমান (৪৫), জামায়াতের কর্মী আবুল কালাম (৬৫), মোজামেঞ্চল হক (৫৫), আবুল কাসেম (৫৫) ও  কামাল পারভেজ (২৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের সরকারি শিশু পরিবারের সামনে হরতালের সমর্থনে জামায়াত-শিবির একটি মিছিল বের করে। মিছিলকারীরা বরিশাল থেকে কাকচিঁড়াগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে এবং পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বাসের চালকসহ পাঁচজন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীল মনি চাকমা জানান, গ্রেপ্তার হওয়া পাঁচজনকে গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।