ঝালকাঠিতে বিএনপির কমিটি গঠনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদর উপজেলা ও শহর বিএনপির কমিটি গঠনের কার্যক্রমের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করা হয়েছে। ঝালকাঠি শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন খান ও সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাচ্চু হাসান গত সোমবার ঝালকাঠির জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলাটি করেন।মামলায় জেলা বিএনপির আহ্বায়ক টি আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক হোসেন আলী খান, হানিফ খান, মাহাবুবুল হক, মনিরুল ইসলাম, জেবা আহম্মেদ, বিএনপির নেতা মেহেদী হাসান খান ও এনামুল হক এলিন সরদারকে বিবাদী করা হয়েছে।আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের মামলাটি গ্রহণ করেন এবং মঙ্গলবার এ মামলার শুনানি হয়। শুনানি শেষে তিনি ৪৮ ঘণ্টার মধ্যে বিবাদীদের আদালতে উপস্থিত হয়ে কমিটি গঠনের ওপর কেন স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হবে না, তার কারণ দর্শানোর আদেশ দেন।মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, কয়েক দিন ধরে বিএনপির নেতা মেহেদী হাসান খান শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এনামুল হক এলিন সরদার সদর উপজেলা বিএনপির সদস্যসচিব পরিচয় দিয়ে শহর ও সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের কমিটি গঠন করে আসছেন। অথচ গত ২১ নভেম্বর ঝালকাঠি সদর উপজেলা ও শহর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে ওয়ারেচ আলী খানকে সভাপতি ও খান শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা শাখার কমিটি এবং রুস্তুম আলী চাষীকে সভাপতি ও মাহাবুব আলমকে সাধারণ সম্পাদক করে শহর শাখার কমিটি গঠন করা হয়। ২০১১ সালের ২০ নভেম্বর উল্লিখিত কমিটির মেয়াদ শেষ হবে। মেয়াদ শেষ হওয়ার আগে নতুন করে শহর ও উপজেলা বিএনপির কমিটি গঠন বেআইনি। তাই বিবাদীরা যাতে শহর ও উপজেলা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন কিংবা বাদীদের সাংগঠনিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করতে না পারেন, সে মর্মে চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি দাবি করা হচ্ছে।মেহেদী হাসান খান বলেন, ‘আমাদের হয়রানি করার জন্য সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি কোনো ওয়ার্ড ও ইউনিয়নে নিজেকে শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক দাবি করিনি। বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সরোয়ারের নির্দেশে জেলা বিএনপির সম্মেলন সফল করার জন্য কাজ করে যাচ্ছি।’