ঝালকাঠিতে ব্যাংকের টাকা লুটের ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখা থেকে ৭৭ লাখ টাকা লুটের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে যশোর থেকে আল আমিন ওরফে কালু ও তাঁর স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করে ঝালকাঠি নিয়ে আসেন মামলার তদন্ত কর্মকর্তা।একই রাতে ঝালকাঠির নলছিটি থেকে রতন ঢালী ও তাঁর মেয়ে ময়না আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এদিকে টাকা লুটের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তারকৃত দুই প্রহরীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, গত ১৬ অক্টোবর গভীর রাতে ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখার নৈশপ্রহরী শামসুল হককে অচেতন করে ব্যাংক ফটকের তালা খুলে ভল্ট ভেঙে ৭৭ লাখ ২৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক সরোয়ার হোসাইন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পর পরই ব্যাংকের দুই প্রহরীকে শামসুল হক ও আবদুল বারেক বেপারিকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা ঝালকাঠি থানার উপপরিদর্শক আবদুর রহীম বলেন, গ্রেপ্তারকৃত ব্যাংকের প্রহরী শামসুল হককে চিকিৎসাধীন অবস্থায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অপর প্রহরী আবদুল বারেক বেপারি বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। যশোর থেকে গ্রেপ্তারকৃত আল আমিন ইতিপূর্বে একাধিক ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন। নলছিটি থেকে আটককৃত রতন ঢালীর মেয়ের জামাই মঞ্জু মোল্লা ঢাকার একাধিক স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত ছিলেন।