ঝালকাঠিতে ভূমি কর্মকর্তা নেই, নামজারি মামলার স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে সহকারী কমিশনারের (ভূমি) পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় জমিজমাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে জটিলতা দেখা দিয়েছে। এ কারণে নামজারি মামলা নিষ্পত্তি না হওয়ায় জমির ক্রেতা-বিক্রেতাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্তমানে ঝালকাঠি সদরসহ চার উপজেলায় এক হাজার নামজারি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ৮০০ নামজারি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। অন্য তিন উপজেলার মধ্যে রাজাপুরে ২০টি, কাঁঠালিয়ায় ৩০ ও নলছিটিতে ১৫০টি নামজারি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জানা গেছে, কাঁঠালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদটি ১৯৯৮ সালের ১১ আগস্ট থেকে শূন্য রয়েছে। সেই থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। কাঁঠালিয়ায় ১৯৯৬ সালের ১ সেপ্টেম্বর পদ সৃষ্টির পর থেকে ১৯৯৮ সালের ১০ আগস্ট পর্যন্ত একজন সহকারী কমিশনার দায়িত্ব পালন করেছেন। এর পর থেকে ইউএনও সেখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
তবে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিদিন এই অতিরিক্ত দায়িত্ব পালন করা অসম্ভব ব্যাপার বলে মন্তব্য করেছেন কর্তব্যরত ইউএনওরা।
কাঁঠালিয়ার ইউএনও আবুল বাশার মু. আমির উদ্দিন বলেন, ‘সহকারী কমিশনারের (ভূমি) পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউএনওর দায়িত্ব পালনের পাশাপাশি ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের ওভারটাইম করতে হয়। অথচ এর জন্য আমাদের কোনো ভাতা দেওয়া হয় না। তার পরও আমরা সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছি।’
রাজাপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদটি ১৯৯৯ সালের ডিসেম্বর মাস থেকে শূন্য রয়েছে। নামজারি করতে আসা রাজাপুর উপজেলার মানকি গ্রামের আকবর হোসেন বলেন, ‘গত দুই মাসে পাঁচ-সাত দফায় এই অফিসে আই। অফিসের লোকজন খালি কয়, দুই-তিন দিন পর আসেন। হেগো দিন আর শেষ অয় না।’
রাজাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন মাহমুদ বলেন, নামজারি-নামপত্তন, জমাখারিজসংক্রান্ত কাজ নিয়ে মানুষ ভূমি কার্যালয়ে আসেন। দীর্ঘদিন ধরে কর্মকর্তা না থাকায় এলাকার মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
নলছিটি উপজেলায় ২০১১ সালের এপ্রিল এবং ঝালকাঠি সদর উপজেলার ২০১৩ সালের জুন মাস থেকে এই পদটি শূন্য রয়েছে।
ঝালকাঠি সদর উপজেলা ভূমি কার্যালয়ে নামজারি মামলার খোঁজ নিতে আসা বাচ্চু হাসান বলেন, ‘এখানে এলেই কার্যালয়ের কর্মচারীরা ‘‘ইউএনও স্যার ব্যস্ত আছেন’’ বলে জানান।’
ঝালকাঠি সদরের ইউএনও শামীমা ফেরদৌস বলেন, ‘সময়-সুযোগ পেলেই নামজারির মামলা নিষ্পত্তি করছি। যেহেতু ভূমিসংক্রান্ত বিষয়, তাই সময় নিয়ে ফাইল দেখতে হয়। আর ঝালকাঠি সদরে জমি ক্রয়-বিক্রয় বেশি হয়। তাই এখানে নামজারি মামলার সংখ্যাও অন্য উপজেলার চেয়ে বেশি।’
ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য নাসির উদ্দিন বলেন, সহকারী কমিশনারের (ভূমি) পদটি শূন্য থাকায় নামজারির সংখ্যা কমে গেছে। ফলে চার উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে দলিল সম্পাদনের (রেজিস্ট্রি) সংখ্যাও কম। এতে সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন বলেন, জেলার চার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে কর্মকর্তা না থাকলেও ইউএনওরা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। প্রতি মাসেই শূন্যপদ পূরণের জন্য বিভাগীয় কমিশনারের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হচ্ছে।