ঝালকাঠিতে যুবকের মৃত্যু নিয়ে রহস্য
ঝালকাঠিতে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ছয়টায় সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামে যুবক সৈয়দ কায়েসের (৩০) মৃতদেহ একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সৈয়দ মোশারেক মীরার দ্বিতীয় স্ত্রীর সন্তান।
কায়েসের মৃতদেহ উদ্ধার করা কৃষ্ণকাঠির ইদ্রিস আলী খান বলেন, ‘আমি সকালে ফজরের নামাজ পড়ে চা খেতে দোকানে যাচ্ছিলাম। পথেই কায়েসের ভাই পারভেজ আমাকে জানায় তার ভাই গলায় রশি দিয়েছে। আমি গিয়ে দেখি তাদের পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে কায়েস বসা অবস্থায় গলায় দড়ি লাগানো। মাটির সঙ্গে পা দুটো সামনের দিকে ছিল।’
ভাই পারভেজ মীরা বলেন, ‘এ ঘটনার রাতে আমার বাবা আমাদের দা দিয়ে কোপাবে বলেছে। এই ভয়তে আমার ভাই রাতে ঘরে আসেনি। সকালে আমি টয়লেটে যাওয়ার সময় ঘরের মধ্যে কায়েসকে মেঝেতে বসা অবস্থায় গলায় দড়ি লাগানো দেখি।’
কায়েসের ছোট চাচা শওকত হোসেন বলেন, ‘বাবার সঙ্গে দুই ছেলের ঘর নিয়ে পূর্ব থেকেই দ্বন্দ্ব চলছে। যে ঘরে দুই ভাই থাকত, ওই ঘরটি মোশারেক মীরার ছোট ছেলে মেহেদী মালিক বলে দাবি করে আসছে। সেই ঘর থেকে গত ডিসেম্বর মাসে দুই ভাই তার বাবাকে নামিয়ে দেয়।’
কায়েসের খালাতো ভাই ঠিকাদার আমিরুল ইসলাম বলেন, যে আড়ার সঙ্গে কায়েসের মৃতদেহ ঝোলানো ছিল, তার উচ্চতা সাড়ে পাঁচ ফুট। কায়েসের উচ্চতা ছয় ফুট। তাই আমার ধারণা, এটি স্বাভাবিক মৃত্যু নয়।
বাবা সৈয়দ মোশারেক মীরা বলেন, ‘আমি সকাল সাতটার সময় খবর পেয়েছি। এই বাড়ির মধ্যে ওরা দুই ভাই আমাকে প্রবেশ করতে দিত না। তাদের ভয়ে আমি অন্য ঘরে থাকতাম। কায়েস কীভাবে মারা গেল, আমি বুঝতে পারছি না।’
এ বিষয়ে বাসন্ডা ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক বলেন, ‘ওই দুই ভাইয়ের সঙ্গে বাবার দ্বন্দ্ব লেগেই থাকত। গত বৃহস্পতিবার দুই ভাই তার বাবার বিরুদ্ধে ঘর থেকে বের করে দিতে চায় বলে আমার কাছে অভিযোগ করে। সে রাতেই এ ঘটনা ঘটেছে।’
ঝালকাঠি থানার এসআই তদন্তকারী কর্মকর্তা কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে এলাকার সবাই অভিযোগ করেছে বাবার সঙ্গে ছেলেদের দ্বন্দ্ব ছিল। মৃত কায়েস পাঁচ মাস আগে কিছুটা অস্বাভাবিক থাকলেও মৃত্যুর আগে সে স্বাভাবিক ছিল। সুরতহাল প্রতিবেদন করারর পর লাশ মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।