ঝালকাঠিতে যুবলীগের আহ্বায়ক কমিটির ২৮ জনের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫১ সদস্যবিশিষ্ট ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে ২৮ জন সদস্য পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের কাছে ফ্যাক্স ও ডাকযোগে ২৮ জনের স্বাক্ষর করা এ পদত্যাগপত্র পাঠানো হয়।১৭ জুন কেন্দ্র থেকে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরপর ১৯ জুন যুবলীগের পাল্টা আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আফজাল হোসেন। পদত্যাগী ব্যক্তিরা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করে স্থানীয়ভাবে গঠিত পাল্টা আহ্বায়ক কমিটির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।দলীয় সূত্রে জানা যায়, ১৭ জুন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মির্জা আজম ঝালকাঠি জেলা যুবলীগের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। কমিটিতে লিয়াকত আলী খানকে আহ্বায়ক এবং পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির ও হাবিবুর রহমানকে যুগ্ম আহ্বায়ক রাখা হয়। তাঁরা তিনজনই ঝালকাঠিতে সাংসদ আমির হোসেন আমুর অনুগত হিসেবে পরিচিত।ওই কমিটিকে প্রত্যাখ্যান করে ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন ও যুবলীগের একাংশ। তারা জাকির হোসেনকে আহ্বায়ক করে ১০১ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করে। গতকাল পদত্যাগী ব্যক্তিরা পদত্যাগপত্রে উল্লেখ করেন, স্থানীয় নেতাদের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যাঁকে আহ্বায়ক করা হয়েছে, তিনি জেলা আওয়ামী লীগের জনসংখ্যাবিষয়ক সম্পাদক। গঠনতন্ত্র অনুযায়ী, জেলা আওয়ামী লীগের কোনো নেতা যুবলীগের সদস্য হতে পারেন না।কেন্দ্রঘোষিত কমিটির জেলা আহ্বায়ক লিয়াকত আলী খান বলেন, কমিটি থেকে দু-চারজন পদত্যাগ করতেই পারেন।