ঝালকাঠিতে যুবলীগের পাল্টা কমিটি ঘোষণা
কেন্দ্র থেকে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণার এক দিন পর ঝালকাঠিতে যুবলীগের পাল্টা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।গত মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পাল্টা এ কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আফজাল হোসেন। জেলা যুবলীগ সূত্রে জানা যায়, ১৭ জুন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক সাংসদ মির্জা আজম জেলা যুবলীগের ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। এ কমিটিতে লিয়াকত আলী খানকে আহ্বায়ক এবং পৌর কাউন্সিলর রেজাউল করিম ও হাবিবুর রহমানকে যুগ্ম আহ্বায়ক রাখা হয়। তাঁরা তিনজনই ঝালকাঠিতে সাংসদ আমির হোসেন আমুর অনুগত হিসেবে পরিচিত। ঢাকায় ঘোষিত কমিটির খবর ঝালকাঠিতে পৌঁছালে যুবলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ১৮ জুন মেয়র-সমর্থিতদের হামলায় আহত হন ঝালকাঠি শহর যুবলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান। এদিকে কেন্দ্র ঘোষিত কমিটিকে আমির হোসেন আমুর ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন ও যুবলীগের একাংশ। মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যুবলীগের বিক্ষুব্ধ অংশের সভা হয়। জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি মেয়র আফজাল হোসেন জেলা যুবলীগের ১০১ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করেন। এ কমিটিতে জাকির হোসেনকে আহ্বায়ক ও সাতজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। আফজাল হোসেন বলেন, ‘আমির হোসেন আমু ওয়ান-ইলেভেনের সময় শেখ হাসিনাকে মাইনাস করে আওয়ামী লীগের নেতৃত্ব দখল করতে চেয়েছিলেন। তাতে ব্যর্থ হয়ে এখন তিনি বিভিন্ন অঙ্গসংগঠনের ‘পকেট কমিটি’ গঠন করে ঝালকাঠি আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করছেন। এখন থেকে তাঁর প্রতিটি অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করা হবে। সাংসদ আমির হোসেন আমুর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব অভিযোগ অনেক পুরোনো। এই বলে তিনি ফোন রেখে দেন।’ জেলা যুবলীগের কেন্দ্র ঘোষিত কমিটির আহ্বায়ক লিয়াকত আলী খান বলেন, ‘স্থানীয়ভাবে আহ্বায়ক কমিটি ঘোষণার এখতিয়ার কারও নেই। মেয়র আফজাল হোসেন যা করেছেন তা অসাংগঠনিক।