ঝালকাঠিতে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারের দাবি
ঝালকাঠি শহরের ডাক্তারপট্টি এলাকার মুসলিম গিনি হাউস নামের এক স্বর্ণের দোকানে বোমা ফাটিয়ে ১১৪ ভরি স্বর্ণালংকার লুটের ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেপ্তার ও লুট হওয়া স্বর্ণ উদ্ধারের দাবি জানিয়েছে জুয়েলার্স সমিতি। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জুয়েলার্স সমিতি ঝালকাঠি জেলা শাখা সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সংগঠনের সভাপতি দেবব্রত কর্মকার বলেন, গত সোমবার সন্ধ্যায় মুসলিম গিনি হাউসে ঢুকে ৮ থেকে ১০ জন সশস্ত্র ডাকাত বোমা ফাটিয়ে ১১৪ ভরি স্বর্ণালংকার লুট করে। পরে গাবখান সেতু এলাকায় স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় ছয়জনকে আটক করে পুলিশ। এ সময় ৪০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া দুই ডাকাতকে ডাকাতি ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ওই দুই ডাকাত পুলিশের কাছে দেওয়া স্বীকারোক্তিতে ছয়জনের নাম প্রকাশ করে। কিন্তু চার দিন পার হলেও ৭৪ ভরি স্বর্ণ ও অন্য ডাকাতদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বর্তমানে স্বর্ণ ব্যবসায়ীরা আতঙ্কিত। দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে স্বর্ণালংকার উদ্ধার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন সমিতির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন মুসলিম গিনি হাউসের মালিক শাহজাহান হাওলাদার, তাঁর ছেলে হাসান ইমাম, জুয়েলার্স সমিতির ঝালকাঠি শাখার সাধারণ সম্পাদক দীপক কর্মকার, স্বর্ণ ব্যবসায়ী ইউসুফ হাওলাদার, কালাম হাওলাদার, ফিরোজ আলম প্রমুখ।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া দুই ডাকাত এ ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম বলেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।