ঝালকাঠিতে সহস্রাধিক মানুষ পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বৃষ্টি ও জোয়ারের প্রভাবে ঝালকাঠিতে সুগন্ধা, বিষখালী নদী ও গাবখান চ্যানেলের পানি বৃদ্ধি পাওয়ায় তিন দিন ধরে পানিবন্দী হয়ে আছে চার উপজেলার সহস্রাধিক মানুষ। ফেরি ও সড়ক ডুবে যাওয়ায় জেলার সঙ্গে নলছিটি, কাঁঠালিয়া ও বেশ কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঘটকের আন্দুয়া গ্রামে শ্রীমন্ত নদের স্রোত ও জোয়ারের বাঁধ ভাঙনের ফলে বাঁধের ওপর নির্মিত মির্জাগঞ্জ-আন্দুয়া-কাঁঠালতলী ইউনিয়নের সংযোগ সড়কটি হুমকিতে পড়েছে। ইতিমধ্যে ১৬ কিলোমিটার সড়কের প্রায় দুই কিলোমিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
গতকাল বুধবার ঝালকাঠি শহরের নদীর তীরবর্তী অংশের শ্মশানঘাট, গুরুধাম, সুতালরি কলাবাগান, নতুন কলাবাগান, নতুন চর, কৃষ্ণকাঠি, বাঁশপট্টি, স্টিমারঘাট, কলেজ খেয়াঘাট, পৌরসভা খেয়াঘাট ও সুগন্ধা নদী, বিষখালী নদী, গাবখান চ্যানেলের বেশ কিছু এলাকা ঘুরে দেখা যায়, পানিবন্দী হয়ে আছে শত শত বসতবাড়ি। এ ছাড়া ধানসিঁড়ি, পোনাবালিয়া, ভৈরবপাশা, মগড়, কেওরা, শেখেরহাটসহ বেশ কয়েকটি ইউনিয়নের শতাধিক গ্রামের বসতবাড়ির আঙিনাসহ তলিয়ে গেছে ফসলি মাঠ। ডুবে গেছে বেশ কয়েকটি মাছের ঘের।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঝালকাঠি কার্যালয় থেকে জানা যায়, সদর, নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার সহস্রাধিক মানুষ পানিবন্দী হয়ে আছে। গ্যাংওয়ে তলিয়ে যাওয়ায় তিন দিন ধরে কাঁঠালিয়ার আমুয়া ও নলছিটি-ষাইটপাকিয়া ফেরি চলাচল বন্ধ। এদিকে রাজাপুরের বিষখালী নদীর তীরে বেড়িবাঁধ না থাকায় উপজেলার বড়াইয়া ও মঠবাড়ি ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে।
পটুয়াখালী পাউবো কার্যালয় সূত্র জানায়, মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঘটকের আন্দুয়া গ্রামে শ্রীমন্ত নদের জোয়ারে ভেঙে যাচ্ছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। এক বছর ধরে নতুন করে শ্রীমন্ত নদের প্রবল স্রোতে ও জোয়ারের প্লাবনে বাঁধের সাতটি পয়েন্টে ভাঙন দেখা দেয়।
এদিকে দফায় দফায় ভাঙনে মির্জাগঞ্জ-আন্দুয়া-কাঁঠালতলী সংযোগ সড়কের বিভিন্ন পয়েন্ট নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
পাউবো মির্জাগঞ্জের উপসহকারী প্রকৌশলী মো. শাহজাহান বলেন, ঘটকের আন্দুয়া পয়েন্টে ভাঙনের তীব্রতা একটু বেশি। ভাঙনকবলিত এলাকার বাঁধের ভেতরে সরিয়ে নতুন করে বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য এক কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে।