একাত্তরে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে গাজীপুর মাদ্রাসাশিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ মাওলানা মাহাবুবুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার বালিঘোনা গ্রামের কৃষক আবদুল গনি হাওলাদার বাদী হয়ে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে এ মামলা দায়ের করেন। আদালতের হাকিম রেজা তারিক আহম্মদ আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ঝালকাঠি সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে মাহাবুবুর রহমান পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার নেছারাবাদ মাদ্রাসায় লেখাপড়া করতেন। ওই সময় তিনি কেন্দ্রীয় ছাত্র হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নিযুক্ত হন। তৎকালীন সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী ব্যারিস্টার আকতার উদ্দিন আহম্মেদের সঙ্গে সুসম্পর্ক থাকায় ঝালকাঠিসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় তিনি ক্ষমতা প্রয়োগ শুরু করেন। গঠন করেন রাজাকার বাহিনী। এ বাহিনী নিয়ে পাকিস্তানি সেনাদের সহযোগিতায় স্বরূপকাঠি বাজার, আটঘর-কুড়িয়ানা, বেরমহলেরহাট, গুহদেরহাট, ঝালকাঠি সদরের গাভারামচন্দ্রপুর, বাউকাঠি বাজার, হিমানন্দকাঠি, কৃত্তিপাশা ও বরিশালের বানারীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় লুটপাট শুরু করেন তিনি। লুটপাট করে যাওয়ার সময় এসব বাজার ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। নারী-পুরুষদের আটক করে বেঁধে নিয়ে যাওয়া হয়। নারীদের তুলে দেওয়া হয় পাকিস্তানি সেনাদের হাতে। আর পুরুষদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, এ সময় বালিঘোনা গ্রামের কৃষক আবদুল গনি হাওলাদার কৃষি কাজের জন্য জমির পরিচর্যা করছিলেন। তাঁকেও আটক করা হয়। আটক হওয়া সবাইকে বেরমহলহাটের উত্তর পাশের খালের পাড়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করা হয়। গুলির শব্দ শুনে কৃষক আবদুল গনি হাওলাদার শুয়ে পড়েন। এতে তিনি ভাগ্যক্রমে বেঁচে গেলেও গুলিবিদ্ধ হয়ে ১৪ জন মারা যান।ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান গতকাল বিকেলে জানান, আদালতের আদেশ এখনো থানায় এসে পৌঁছায়নি। পেলে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হবে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিবাদী মাহাবুবুর রহমান ঝালকাঠি সদর উপজেলার বালিঘোনা গ্রামের মৃত শাহাজুদ্দিন হাওলাদারের ছেলে। তিনি বর্তমানে ঢাকার কল্যাণপুরে নিজ বাড়িতে অবসরকালীন জীবন কাটাচ্ছেন।