ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট জেড এ ভুট্টো ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ‘প্রক্সি’ দিতে এসে গতকাল সোমবার আজমুল ইসলাম (১৯) নামের এক সেনাসদস্য গ্রেপ্তার হয়েছেন। এদিকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এইচএসসি পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নপত্র বাইরে পাঠানোর অভিযোগে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন, ফুলবাড়ী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জয়নাল আবেদীন ও অর্থনীতি বিভাগের প্রভাষক আবুল কালাম আজাদ।নলছিটির মোল্লারহাট জেড এ ভুট্টো ডিগ্রি কলেজকেন্দ্রের সচিব অধ্যক্ষ কাঞ্চন আলী মোল্লা জানান, সেনাবাহিনীর সদস্য পরীক্ষার্থী নাজমুল ইসলাম জয়কলস টেকনিক্যাল কলেজ থেকে গত ১ এপ্রিল এইচএসসি (বিএম) বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেন। গতকাল বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা দিতে নাজমুলের পরিবর্তে তাঁর ছোট ভাই আজমুল ইসলাম এলে বিষয়টি তাঁর কাছে ধরা পড়ে। ভুয়া পরীক্ষার্থী হিসেবে সেনাসদস্য আজমুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। মোল্লারহাট পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) এনায়েত হোসেন জানান, আজমুল ও তাঁর ভাই নাজমুল ইসলাম সেনাবাহিনীর সদস্য। তাঁদের বাড়ি নলছিটি উপজেলার সিদ্ধকাঠি গ্রামে। এ ঘটনায় মামলা হয়েছে।এদিকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই শিক্ষকের বহিষ্কারের ঘটনা সম্পর্কে পরীক্ষাসচিব ও ফুলবাড়ী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুর রহমান জানান, সকালে জসিমিয়া উচ্চবিদ্যালয়কেন্দ্রে পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট খোলার পর একটি প্রশ্ন কম পাওয়া যায়। খোঁজাখুঁজির পর জানা যায়, কলেজের প্রভাষক জয়নাল আবেদীন ও আবুল কালাম আজাদ কৌশলে প্রশ্নপত্রটি কেন্দ্র থেকে বাইরে পাঠিয়ে দিয়েছেন। ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কর তাজুল ইসলামকে জানালে তিনি তাত্ক্ষণিকভাবে দুই শিক্ষককে পরীক্ষাকেন্দ্র থেকে বহিষ্কার করেন এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাঁদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া একই কেন্দ্রে বড়ভিটা কলেজের প্রভাষক হারুন অর রশীদ পরীক্ষা চলার সময় ইউএনওর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে তাঁকে আটক রাখা হয়। পরীক্ষা শেষে তিন হাজার টাকা জরিমানা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ইউএনও লস্কর তাজুল ইসলাম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।