ঝালকাঠিতে স্টিমারের ধাক্কায় ডুবল ট্রলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির সুগন্ধা নদীতে গতকাল শুক্রবার সকালে স্টিমারের ধাক্কায় একটি ট্রলার ডুবে তিন যাত্রী নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তাঁদের উদ্ধার করতে পারেনি।

নিখোঁজ তিনজন হলেন ঝালকাঠি সদর উপজেলার মহদিপুর গ্রামের আলম জমাদ্দার (৩৫) এবং ইছালিয়া গ্রামের রাজা মল্লিক (৩২) ও তসলিম হাওলাদার (৫০)। তাঁরা ট্রলারটির যাত্রী ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদরের রাজাপুর গ্রামের খেয়াঘাট থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার গতকাল সকালে ঝালকাঠি শহরের উদ্দেশে ছেড়ে যায়। সকাল আটটার দিকে সুগন্ধা নদীর গুরুধাম খালের মোহনা এলাকায় এটিতে ধাক্কা দেয় ঢাকা থেকে খুলনাগামী স্টিমার এমভি মধুমতি। এ সময় নদীতে ঘন কুয়াশা ছিল। স্টিমারের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি।

বিআইডব্লিউটিসির মালিকানাধীন স্টিমার মধুমতির চালক মো. মাসুদ বলেন, কুয়াশার মধ্যে রাডারে তিনি ট্রলারটিকে দেখতে পান। তখন হর্ন বাজিয়ে ও মাইকের মাধ্যমে ট্রলারের চালককে সতর্ক করে দেন তিনি। এরপরও ট্রলারের চালক নদী পার হওয়ার চেষ্টা করেন। বাধ্য হয়ে তিনি স্টিমার থামানোর চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। তবে ট্রলারটির চালক হেলাল ব্যাপারী বলেন, ঘন কুয়াশার কারণে তিনি স্টিমারটি দেখতে পারেননি।

ট্রলারচালক হেলাল ব্যাপারী ওএর সাত যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করা হয়। তবে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের অবস্থান শনাক্ত করতে পারেননি তাঁরা।