ঝালকাঠিতে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের সহিদ হাওলাদার, পরেশ কাপালি, উত্তর তারাবুনিয়া গ্রামের সাইদুর রহমান ও নজিবুর রহমান। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় তিনজন আদালতে উপস্থিত ছিলেন। নজিবুর রহমান পলাতক।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দক্ষিণ তারাবুনিয়া গ্রামের আবদুর রব হাওলাদারের সঙ্গে আসামিদের বন্ধুত্ব ছিল। তাঁরা প্রায় রাতেই একসঙ্গে জুয়া খেলতেন। ২০১০ সালের ৮ অক্টোবর আসামিরা রবের বাড়িতে দুপুরে খাওয়াদাওয়া করেন। ওই দিন রাতে রব বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ২২ অক্টোবর সকালে বাড়ির পাশের বিল থেকে তাঁর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন দুজনের নাম উল্লেখ করে রাজাপুর থানায় হত্যা মামলা করা হয়। ২০১২ সালের ২৬ এপ্রিল চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।