ঝালকাঠিতে হত্যার দায়ে তিন ভাইয়ের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদর উপজেলার মকরমপুর গ্রামের আবদুস সালাম খান (৫৫) হত্যা মামলায় তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ শফিকুল করিম ওই রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন মকরমপুর গ্রামের আলমগীর হোসেন হাওলাদার (৩৮), কালাম হাওলাদার (৩৫) ও মিরন হাওলাদার (৩২)।

মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, আবদুস সালাম দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিদেশ থেকে ফিরে তিনি গ্রামে লেবুর চাষ শুরু করেন। তাঁর বাগান থেকে প্রতিবেশী আবদুল গণি হাওলাদারের ছেলেরা লেবু চুরি করতেন। ২০০৯ সালের ১৬ জুন লেবু চুরির ব্যাপারে জানতে চাইলে দণ্ড পাওয়া ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে আবদুস সালামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাইয়ের ছেলে মো. শিপন সদর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে আবদুল গণি হাওলাদার ও তাঁর পাঁচ ছেলের নামে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবদুল গণি হাওলাদার এবং তাঁর অপর দুই ছেলে জলিল হাওলাদার ও মিলন হাওলাদারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বাদী মো. শিপন বলেন, ‘যাঁদের খালাস দেওয়া হয়েছে তাঁরাও চাচাকে মারধর করেছিলেন। উচ্চ আদালতে আসামিদের সাজা বাড়ানোর জন্য আপিল করব।’ আবদুল গণি হাওলাদার বলেন, ‘আমার ছেলেরা নির্দোষ। আদালতে রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।’