ঝালকাঠিতে হুজির ৯ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির আদালতে গতকাল রোববার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নয় সদস্যের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে দায়ের করা দুটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান অভিযোগ গঠনের পর আগামী ১৯ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।
আদালত সূত্র জানায়, ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ঙ) ও ১৯০৮ সালের বিস্ফোরকদ্রব্য আইনের ৪ ধারায় এ অভিযোগ গঠন করা হয়। সরকারি কৌঁসুলি আবদুল মান্নান আদালতে অভিযুক্ত ব্যক্তিদের অভিযোগ পড়ে শোনান। তবে অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের নির্দোষ বলে দাবি করেন।
যাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাঁরা হলেন, নীলফামারীর আবুল বাসার মৃধা ও আবদুল আজিজ, মাদারীপুরের রাজৈর উপজেলার মিনহাজুল আবেদীন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সিরাজুল ইসলাম, ঝালকাঠির নলছিটি উপজেলার মশিউর রহমান, নূরুল ইসলাম ও বাকি বিল্লাহ, সোহাগ হাওলাদার, কাঠালিয়া উপজেলার মো. জোবায়ের।
গত বছরের ১৪ আগস্ট রাতে নলছিটির পশ্চিম কামদেবপুর গ্রামের খাদেমুল ইসলাম কওমিয়া মাদ্রাসাসংলগ্ন মসজিদ থেকে নয়জনকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করে পুলিশ। মসজিদ থেকে উদ্ধার করা হয় একটি গ্রেনেড, চারটি রাম দা ও বেশ কিছু ইসলামি বই।