ঝালকাঠিতে ১৭ নারী কাউন্সিলর প্রার্থীর একজন স্নাতক পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলরদের ওয়ার্ড তিনটি। এসব ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ জন নারী। তাঁদের হলফনামা পর্যবেক্ষণ করে দেখা গেছে, ৩ নম্বর ওয়ার্ডের লুৎফন নাহারই একমাত্র স্নাতক ডিগ্রিধারী। বাকি ১৬ জনের মধ্যে তিনজন এসএসসি পাস, ১০ জন অষ্টম শ্রেণী পাস ও তিনজন অক্ষরজ্ঞানসম্পন্ন।প্রার্থী লুৎফন নাহার একজন নারী উদ্যোক্তা। ঝালকাঠি শহরের কুমারপট্টি সড়কে তাঁর একটি পোশাকের দোকান আছে। তিনি বলেন, ‘ভালো পরিবারের ও শিক্ষিত মেয়েরা নির্বাচনে আসতে চান না। আমি পরিবারের সদস্যদের মতামত নিয়ে নির্বাচনে নেমেছি। আশা করি, জনগণ আমার সঙ্গে থাকবেন।’১৭ জন নারী কাউন্সিলর পদপ্রার্থীর মধ্যে ১ নম্বর ওয়ার্ডের শাবানা আকতার কনিষ্ঠতম প্রার্থী। তাঁর বয়স ২৬ বছর। নারী কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে একমাত্র তাঁর বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে। মামলাটি বর্তমানে ঝালকাঠি থানায় তদন্তাধীন। তাঁর মামাতো ভাই আবদুর রাজ্জাককে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে গত ১৩ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়। মামলায় শাবানা আক্তার, তাঁর স্বামীসহ আটজন আসামি। তাঁরা দুজন আদালত থেকে জামিন নিয়েছেন। শাবানা বলেন, ‘নির্বাচনের আগমুহূর্তে ষড়যন্ত্রমূলকভাবে আমার নামে মামলা করা হয়েছে।’ নারী কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে সবচেয়ে বয়স্ক প্রার্থী ৩ নম্বর ওয়ার্ডের মেহেরুন্নেছা। তাঁর বয়স ৫৬ বছর। শিক্ষাগত যোগ্যতার ঘরে তিনি লিখেছেন ‘স্বাক্ষরজ্ঞানসম্পন্ন’।