৯ হুজি সদস্যের ৪ বছরের কারাদণ্ড
ঝালকাঠিতে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নয় সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিম এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল গ্রামের মশিউর রহমান তালুকদার (৩৩), একই উপজেলার হারদল গ্রামের নূরুল ইসলাম (২৭), আবদুল বাকী বিল্লাহ (২৮) ও মো. সোহাগ (৩২), মাদারীপুর রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের আবদুল আজিজ (২৭), একই উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামের আবুল বাশার মৃধা (৪২) ও মিনহাজুল আবেদীন (২০), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ঝাকড়া গ্রামের সিরাজুল ইসলাম (৪৫) ও ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামের মো. জোবায়ের (২৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৪ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার কামদেবপুর খাদেমুল ইসলাম কওমি মাদ্রাসা-সংলগ্ন মসজিদে ঝালকাঠির পুলিশ সুপার মো. মজিদ আলী অভিযান চালিয়ে একটি গ্রেনেড, ধারালো অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করেন। এ সময় হরকাতুল জিহাদের নয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মাহামুদুল হাসান বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন।
২৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবুল কালাম আজাদ নয়জনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের করা মামলা দুটির পাশাপাশি এবং সন্ত্রাসবিরোধী আইনেও অভিযোগপত্র দেন।
২০১৪ সালের ১৩ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
আজ আদালত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা দুটি থেকে তাঁদের খালাস দেন। তবে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আসামিদের দণ্ড দেন। এসব মামলায় ১৪ জন পুলিশ সদস্যসহ ২১ জন সাক্ষ্য দেন।
আসামিদের পক্ষের আইনজীবী ছিলেন আবদুর রশিদ সিকদার। তিনি বলেন, এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মান্নান রসূল।