ঝালকাঠিতে গণমনস্তাত্ত্বিক রোগে ১৯ স্কুলছাত্রী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সোমবার ১৯ জন ছাত্রী গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ে। তাদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ কারণে আজ মঙ্গলবার বিদ্যালয়টিতে পাঠদান বন্ধ থাকবে।

অসুস্থ ছাত্রীরা হলো ষষ্ঠ শ্রেণির খাদিজা, শারমিন, সুমাইয়া, ইনতান আক্তার, সানজিদা, সুমি, লিসা, সাবিনা ও সুখী আক্তার, সপ্তম শ্রেণির লিমা ও মুনা, নবম শ্রেণির ফরিদা, মহুয়া, সুমি, তন্বী, শামীমা, ইতি, শামীমা ও সুলতানা।

বিদ্যালয়ের শিক্ষক জেসমিন বেগম বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ষষ্ঠ শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার মাথা ঘোরা ও খিঁচুনিতে অসুস্থ হয়ে পড়ে। এরপর একই কক্ষের নয় ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে পাশের কক্ষে সপ্তম শ্রেণির দুজন ও নবম শ্রেণির আটজন অসুস্থ হয়ে পড়ে। তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান বলেন, অসুস্থ ছাত্রীরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা নেওয়ার পর কয়েকজন সুস্থ হয়ে চলে গেছে।

সিভিল সার্জন আবদুর রহিম বলেন, ‘গণমনস্তাত্ত্বিক রোগে একজন আক্রান্ত হলে তা দেখে অন্যরাও আক্রান্ত হয়। চিকিৎসা দেওয়ার পর রোগীরা সুস্থ হয়। এতে আতঙ্কিত হওয়ায় কিছু নেই। আমরা ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলেছি। তাঁরা পরামর্শ দিয়েছেন আগামীকাল (আজ মঙ্গলবার) এক দিনের জন্য বিদ্যালয়টি যেন বন্ধ রাখা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষকে মঙ্গলবার পাঠদান বন্ধ রাখার জন্য বলেছি।’

বিদ্যালয়টির প্রধান শিক্ষক শেখর হালদার মুঠোফোনে বলেন, আজ বিদ্যালয় খোলার পরপাঠদান বন্ধের ঘোষণা দেওয়া হবে।