ঝালকাঠির আদালত থেকে জামিন পেলেন প্রথম আলো সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। গতকাল মঙ্গলবার মতিউর রহমান আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক মো. আরিফুজ্জামান শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন। আদালত তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকেও অব্যাহতি দেন।
প্রথম আলোর সম্পাদকের পক্ষে জামিনের শুনানি করেন ঝালকাঠির জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ আবদুর রশীদ সিকদার ও ঢাকার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। তাঁদের সহায়তা করেন মাহাবুব হোসেন, নাসিমুল হাসান, শামীম আলম, মো. আক্কাস সিকদার, মানিক আচার্য্য, মুহা. তরিকুল ইসলাম আকন, আনিসুর রহমান খান, মুনশী নাসির উদ্দিনসহ ২৫-৩০ জন। জামিনের বিরোধিতা করেন বাদীর আইনজীবী এম আলম খান কামাল ও জাকির হোসেন হাওলাদার।
২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম আলোর রম্য ম্যাগাজিন ‘আলপিন’-এ মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রকাশ করার অভিযোগে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ফটোসাংবাদিক মজিদ খানের বিরুদ্ধে গত বছরের ৯ অক্টোবর নালিশি মামলা করেন ঝালকাঠির আইনজীবী সমিতির সদস্য বনি আমিন বাকলাই।
এ ছাড়া মামলায় আরও অভিযোগ করা হয়, ২০১৩ সালের ১১ মার্চ ‘রস+আলো’ ম্যাগাজিনে ‘বসন্তের কোকিল যখন যা বলেন’ শিরোনামে এক লেখায় সুবিধাবাদী লোকদের চরিত্র তুলে ধরতে গিয়ে পবিত্র কোরআনের সুরা লোকমানের ২৭ নম্বর আয়াতের অর্থ হুবহু তুলে দেওয়া হয়। আরেকটি অভিযোগ ছিল, গত বছরের ৫ জানুয়ারি প্রথম আলো অনলাইনে সারিবদ্ধভাবে হিন্দু নারীরা একটি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন দেখাতে গিয়ে নারীদের কপালে লাল টিপ ও সিঁদুর দিয়ে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে নির্বাচনে মাত্র ১০ শতাংশ ভোট পড়েছে এবং যাঁদের বেশির ভাগই হিন্দু ভোটার।
গতকাল আদালতে শুনানিকালে আইনজীবী রশীদ সিকদার বলেন, এটি জামিনযোগ্য মামলা। একজন সম্পাদককে অহেতুক হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে। বাদী ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কথা বললেও কার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, তা নির্দিষ্টভাবে তুলে ধরেননি। তা ছাড়া ফৌজদারি কার্যবিধির ২৩৪ ধারার বিধানমতে, ছয় বছর আগের একটি ঘটনার সঙ্গে বর্তমান বা গত বছরের সংঘটিত ঘটনা এক করে মামলা করা যাবে না।
শুনানি শেষে বিচারক আরিফুজ্জামান বলেন, মামলা দায়েরে কোনো আইনগত ত্রুটি থাকলে আসামিপক্ষ তা উপযুক্ত আদালতে চ্যালেঞ্জ করতে পারেন। অভিযোগ যেহেতু জামিনযোগ্য, তাই জামিন মঞ্জুর করা হলো।