ঝালকাঠির ইভা হত্যাকাণ্ডে স্বামীকে গ্রেপ্তারের দাবি
ঝালকাঠির পোশাককর্মী ইভা ইসলাম (২০) হত্যাকাণ্ডে স্বামী আল আমিন মল্লিককে গ্রেপ্তারের দাবি করেছে পরিবার। গতকাল মঙ্গলবার শহরে মফস্বল সাংবাদিক ফোরামের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
ইভা ঝালকাঠির নলছিটি উপজেলার মালোয়ারা গ্রামের ইউনুস আলী তালুকদারের মেয়ে। আল আমিনের বাড়ি জেলার রাজাপুর উপজেলার বাদুরতলা গ্রামে। এ দম্পতি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে তাঁরা পোশাক কারখানায় কাজ করতেন। গত ২০ এপ্রিল ভাড়া বাসার পাশে মাটি খুঁড়ে ইভার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইউনুস আলী বাদী হয়ে কালিয়াকৈর থানায় আল আমিনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইভার বাবা ইউনুস আলী। তিনি বলেন, ‘প্রায় দেড় বছর আগে ইভা ও আল আমিনের বিয়ে হয়। আল আমিনের আগের পক্ষের স্ত্রী ও এক ছেলে রয়েছে; যা তিনি গোপন করেছিলেন। বিষয়টি জানার পর আল আমিনের সঙ্গে ইভার প্রায়ই ঝগড়া হতো। আল আমিন তাঁকে হত্যার হুমকি দিতেন। ইভা বিষয়টি মুঠোফোনে তাঁদের জানিয়েছিলেন। ২০ এপ্রিল টেলিভিশনে প্রচারিত সংবাদের মাধ্যমে ইভার মৃত্যুর খবর জানতে পারি। ইভাকে হত্যা করে আল আমিন মাটি চাপা দিয়েছিলেন। পরে তিনি (আল আমিন) ভাড়া বাসা থেকে পালিয়ে যান।’