ঝালকাঠির পৌর মেয়রের বিরুদ্ধে আবার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যানেল মেয়রের দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভের এক দিন পর ঝালকাঠির পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে আরও একটি মামলা হয়েছে।
গত মঙ্গলবার রাতে পশ্চিম ঝালকাঠি এলাকার নূরুল হক নামের এক ব্যক্তি বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলাটি দায়ের করেন। গত ৯ মার্চ কাউন্সিলর হুমায়ূন কবির খান আফজাল হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে যে মামলা দায়ের করেছিলেন, বর্তমান মামলার বাদী নূরুল হক সেই মামলার ৩ নম্বর সাক্ষী।
আফজালের বিরুদ্ধে ফৌজদারি আইনে পাঁচটি ও দুর্নীতি দমন আইনে দুটিসহ মোট সাতটি মামলা বিচারাধীন। চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় কারাগারে আটক থাকা অবস্থায় ১৯ মার্চ আফজাল হোসেনকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। জামিনে ছাড়া পাওয়ার পর মেয়রের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই দিনই পৌরসভার প্যানেল মেয়র ১ প্রণব কুমার নাথ ভানু তাঁর শ্যালক শিবু দাসকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে আফজাল হোসেনের বিরুদ্ধে ঝালকাঠি থানায় একটি মামলা করেন। ৭ এপ্রিল এ মামলায় মেয়র হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন। তিনি ঝালকাঠি আসার আগেই নতুন করে বিস্ফোরক আইনে আরেকটি মামলা দায়ের করা হলো।