ঝালকাঠির পৌর মেয়রসহ সাতজনের বিরুদ্ধে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনসহ সাতজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। পাঁচ লাখ টাকা চাঁদা দাবির মামলায় ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আরিফুজ্জামান গতকাল বৃহস্পতিবার এ সমন জারি করেন।
মেয়র আফজালসহ সাতজনের বিরুদ্ধে শহরের পালবাড়ি এলাকার ব্যবসায়ী কবির আহম্মেদ বাদী হয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও মারধর করে ৭৫ হাজার টাকা আদায় এবং জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগে গত ২৬ নভেম্বর আদালতে নালিশি মামলা দায়ের করেন।
থানার এসআই আবুল বাশার তদন্ত করে চাঁদা দাবির সত্যতা পান এবং মেয়র আফজাল হোসেন, তাঁর ছোট ভাই আউয়াল হোসেন, বড় ভাইয়ের ছেলে মুন্না, মামাতো ভাই সলেমানসহ সাতজনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন পর্যালোচনা করে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।