এক কোটি আড়াই লাখ টাকা মূল্যের গাছ কেটে আত্মসাৎ করার অভিযোগে ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেন ও প্যানেল মেয়র প্রণভ কুমার নাথের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হুমায়ুন কবির খান বাদী হয়ে গতকাল সোমবার ঝালকাঠির বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার মামলাটি গ্রহণ করে বরিশাল দুর্নীতি দমন কমিশনের উপপরিচালককে অভিযোগ তদন্ত করে আগামী ৬ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ওই মামলায় ঝালকাঠির সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা তাপস সরকার, গণপূর্ত বিভাগের প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, নয়জন কাউন্সিলরসহ ১৩ জনকে সাক্ষী করা হয়েছে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১০ সেপ্টেম্বর পুরাতন কলেজ সড়কের উন্নয়নকাজ চলাকালে সড়কের পাশের গণপূর্ত বিভাগের মালিকানাধীন প্রায় আড়াই লাখ টাকা মূল্যের পাঁচটি মেহগনিগাছ কেটে আত্মসাৎ করেছেন পৌর মেয়র আফজাল হোসেন। প্যানেল মেয়র প্রণভ কুমার নাথ একই সড়কের দুই পাশের ৫০টি মেহগনি ও রেইনট্রিগাছ এবং নতুন কলেজ সড়কের পাশের ১৫০টি মেহগনি ও রেইনট্রিগাছ কেটে আত্মসাৎ করেন।
মেয়র আফজাল হোসেন দাবি করেন, ‘১০ জন কাউন্সিলরের অনৈতিক দাবি পূরণ না করায় তাঁরা বিশেষ মহলের ইন্ধনে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য কাজ করছেন। এর অংশ হিসেবে কাল্পনিক অভিযোগে তাঁরা আমার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।’