ঝালকাঠির পৌর মেয়রের বিরুদ্ধে আরেকটি গ্রেপ্তারি পরোয়ানা
ঝালকাঠি পৌরসভার মেয়র আবদুল হালিম গাজীসহ চারজনের বিরুদ্ধে আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জামিন নিয়ে ধার্য তারিখে উপস্থিত না থাকায় গত মঙ্গলবার ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক ফারুক আহম্মদ এ আদেশ দেন। এ নিয়ে পৌর মেয়র আবদুল হালিম গাজীর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। মামলার নথি সূত্রে জানা গেছে, গত সোমবার ঝালকাঠি বিশেষ ট্রাইব্যুনাল-১-এ বিশেষ ট্রাইব্যুনাল-৯/১৯৯৭ নম্বর মামলার সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য ছিল। পৌর মেয়র আবদুল হালিম গাজীসহ এ মামলার ১৬ জন আসামি জামিনে থাকলেও সোমবারের ওই নির্ধারিত তারিখে তাঁরা আদালতে অনুপস্থিত ছিলেন। এ কারণে আদালত তাঁদের বিরুদ্ধে মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। অপর আসামিরা হলেন: ঝালকাঠি সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু হাসান খান, ছাত্রদলের সাবেক নেতা গোলাম মহিউদ্দিন সুজন ও কামাল হোসেন।