ঝালকাঠির পৌরমেয়রের বিষয়ে ১৯ অক্টোবর শুনানি
ঝালকাঠি পৌরসভার মেয়র আফজাল হোসেনকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর ১৯ অক্টোবর নিয়মিত বেঞ্চে শুনানি হবে। আজ বৃহস্পতিবার অবকাশকালীন চেম্বার বিচারপতি নাজমুন আরা সুলতানা শুনানির পরবর্তী তারিখ ধার্য করেন।
সাময়িক বরখাস্তের চিঠির বৈধতা চ্যালেঞ্চ করে আফজাল হোসেনের এক রিটের পরিপ্রেক্ষিতে ৫ অক্টোবর হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ওই চিঠির কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন।
এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ গতকাল বুধবার আবেদন করে। আজ চেম্বার বিচারপতির আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এম আমিরুল ইসলাম, ইউসুফ হোসেন হুমায়ুন, এ এম আমিনউদ্দিন, শ ম রেজাউল করিম ও মনজিল মোরসেদ।
পরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, কিছু কাগজপত্র উপস্থাপনের জন্য রাষ্ট্রপক্ষ থেকে সময় প্রার্থনা করা হলে আদালত ১৯ অক্টোবর পর্যন্ত শুনানি স্থগিত করেছেন।
রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী এ এম আমিনউদ্দিন বলেন, রাষ্ট্রপক্ষের সময় প্রার্থনার পরিপ্রেক্ষিতে আদালত ১৯ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করেছেন। হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় এ সময়ে আফজাল হোসেন মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।
১ অক্টোবর আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে তিনি রিট আবেদনটি করেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ঝালকাঠি পৌরসভার মেয়রকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। এর কারণ হিসেবে চিঠিতে বলা হয়, বন বিভাগের অনুমতি ছাড়া পৌরসভার সড়কের পাশের গাছ কেটে বিক্রি করা, সরকারি নির্দেশ অমান্য করে ব্যাটারিচালিত অটোরিকশাকে লাইসেন্স প্রদান ও বিদ্যুৎ বিভাগের অনুমতি ছাড়া বৈদ্যুতিক খুঁটি অপসারণ করার কারণে আফজাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।