ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিমের সঙ্গে দেখা করেছেন পুলিশ সুপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি জেলা পুলিশ সুপার গতকাল রোববার ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিমের সঙ্গে তাঁর খাসকামরায় সাক্ষাৎ করেছেন। বিচারিক কার্যক্রম শুরু হওয়ার আগে সকাল ১০টার দিকে জেলা পুলিশ সুপার মো. শামসুদ্দিন মুখ্য বিচারিক হাকিম রেজা তারিক আহমদের খাসকামরায় যান। এ সময় সেখানে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু জাফর মো. নোমান, নুসরাত জাহান ও সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল উপস্থিত ছিলেন। খাসকামরার মূল ফটকের বাইরে ছিলেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক আবদুল হালিম তালুকদার। পুলিশ সুপার মুখ্য বিচারিক হাকিমের খাসকামরায় প্রায় ৩০ মিনিট অবস্থান করেন। এদিকে আদালতের নির্দেশের আট দিন পরও কলেজছাত্র লিমন হোসেন হত্যাচেষ্টার ঘটনায় ঝালকাঠির রাজাপুর থানার পুলিশ মামলা রেকর্ড করেনি। জানতে চাইলে পুলিশ সুপার মুখ্য বিচারিক হাকিমের সঙ্গে সাক্ষাতের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, মাঝেমধ্যেই তাঁদের মধ্যে এ ধরনের সাক্ষাৎ হয়। তবে লিমন হত্যাচেষ্টার মামলার বিষয়ে কোনো কথা হয়নি। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও থানায় কেন মামলা রেকর্ড করা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, আদালতের নির্দেশ অবশ্যই মানা হবে। তবে মামলা কবে রেকর্ড হবে তার দিনক্ষণ ঠিক হয়নি। সরকারি কৌঁসুলি আবদুল মান্নান রসুল বলেন, আগামী ১০ মে অনুষ্ঠেয় জেলা আইনশৃঙ্খলা সভার বিষয়ে মুখ্য বিচারিক হাকিমের সঙ্গে পুলিশ সুপারের কথাবার্তা হয়েছে।১০ এপ্রিল হেনোয়ারা বেগম বাদী হয়ে তাঁর ছেলে লিমনকে হত্যাচেষ্টার ঘটনায় বরিশাল র‌্যাব-৮-এর উপসহকারী পরিচালক লুৎফর রহমানসহ ছয় র‌্যাব সদস্যের বিরুদ্ধে নালিশি অভিযোগ দায়ের করেছিলেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুসরাত জাহান নালিশি অভিযোগের শুনানি শেষে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসিকে) এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সূত্র জানায়, ১০ এপ্রিল আদালতের এ আদেশ রোববার সন্ধ্যায় বিশেষ বাহক মারফত রাজাপুর থানায় পাঠানো হয়। কিন্তু গতকাল রোববার রাত পর্যন্ত সেই অভিযোগ থানার পুলিশ লিপিবদ্ধ করেনি।