ঝালকাঠির লবণশিল্পে অশনিসংকেত
‘সত্তরের দশকেও কক্সবাজার থেকে লবণভর্তি পালতোলা সাম্পান (ট্রলার) ঝালকাঠির সুগন্ধা ও ভাসণ্ডা নদীর বিভিন্ন ঘাটে ভিড়ত। শ্রমিকেরা কাদামাখা লবণ ঝুড়িতে ভরে বাসণ্ডা নদীর দুই তীরের মিলে নামিয়ে দিতেন। এখন আগের মতো লবণভর্তি সাম্পান ঝালকাঠি আসে না। নেই শ্রমিকদের হাঁকডাকও।’ আক্ষেপের সুরে এ কথাগুলো বলেন ঝালকাঠির ‘দি ক্রিসেন্ট সল্ট ইন্ডাস্ট্রিজ’ নামের একটি লবণ কারখানার মালিক মো. আবদুর রশীদ (৭০)। লবণশিল্পের জন্য ঝালকাঠি একসময়ে বন্দরের মর্যাদা পেয়েছিল। সরকারি পৃষ্ঠপোষকতা ও মূলধনের অভাবে সেই ঐতিহ্যবাহী লবণশিল্প হারিয়ে যেতে বসেছে। এখানে ১৮টি লবণের কারখানার মধ্যে নয়টি বন্ধ হয়ে গেছে, সম্পূর্ণ চালু আছে ছয়টি আর তিনটি অনিয়মিতভাবে চলছে।বন্ধ হয়ে যাওয়া লবণ কারখানাগুলো হচ্ছে মিতালি, লতিফ, সুরভী, মিনি, কুমিল্লা, মদিনা, আসিফ, ইসলামিয়া ও দ্য ঝালকাঠি সল্ট মিলস।স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিটিশ সরকার ১৮৭৫ সালে ঝালকাঠি বন্দরকে পৌরসভা ঘোষণা করে। তখন চালকল, তেল, দেশীয় বস্ত্র এবং লবণ উৎপাদনের কারখানার জন্য ঝালকাঠি শহর বিখ্যাত হয়ে ওঠে। ফরিদপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট, ঝিনাইদহ এমনকি উত্তরবঙ্গের দিনাজপুর, রাজশাহী ও নওগাঁ জেলায় ঝালকাঠি থেকে লবণ সরবরাহ করা হতো।স্থানীয় সূত্রে আরও জানা গেছে, নব্বইয়ের দশকে খুলনায় বেশ কয়েকটি লবণ কারখানা প্রতিষ্ঠিত হওয়ার পর ঝালকাঠির লবণ বাজার হারাতে বসে। একই সময়ে লবণের ঘাটটি পূরণের জন্য সরকার দেশে টিসিবির মাধ্যমে লবণ আমদানি করে বাজারজাত শুরু করে। এর প্রভাব ঝালকাঠি লবণ কারখানাগুলোর ওপর পড়ে এবং ওই দশকেই এ জেলার কয়েকটি লবণ কারখানা বন্ধ হয়ে যায়।লবণ কারখানার মালিকেরা জানান, কয়েক বছর ধরে ভোগ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান এসিআই, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, মোল্লা সল্ট, কনফিডেন্ট সল্ট প্যাকেটজাত লবণ বাজারজাত করছে। এতে ঝালকাঠির উৎপাদিত লবণ পুনরায় বাজার হারাতে শুরু করে।ঝালকাঠির উৎপাদিত লবণের পাইকারি দাম কেজিপ্রতি ছয়-সাত টাকা। বিভিন্ন দোকানে এ লবণ ১১-১২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অথচ এসিআই, মোল্লা সল্টসহ অন্যান্য বড় প্রতিষ্ঠানের লবণের এক কেজির প্যাকেট খুচরা বাজারে ২০-২২ টাকায় বিক্রি হচ্ছে।মুদি দোকানদার মো. নূরুল ইসলাম জানান, ঝালকাঠির কারখানাগুলোয় উৎপাদিত লবণের চেয়ে ঢাকা ও চট্টগ্রামের বড় কারখানাগুলোর লবণ দেখতে ধবধবে সাদা এবং এর দানা ছোট। তাই ক্রেতারা দ্বিগুণ দামে ওই সব কারখানার লবণ কিনে নেয়।লবণ কারখানার মালিক আবু সালেক শরিফ বলেন, প্রয়োজনীয় ব্যাংক ঋণ এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ঝালকাঠির লবণশিল্প অস্তিত্ব হারাতে বসেছে। দেনার দায়ে ঝালকাঠির ১৮টি মিলের মধ্যে নয়টি বন্ধ হয়ে গেছে। আরও তিন-চারটি যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।ঝালকাঠির লবণ পরিবহন ও ঘরশ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস হাওলাদার বলেন, প্রায় চার-পাঁচ হাজার শ্রমিক ঝালকাঠির লবণ কারখানাগুলোতে কাজ করে পেট চালাত। একে একে বেশ কয়েকটি লবণ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকেরা বেকার হয়ে পড়েছে।ঝালকাঠি লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন স্থানীয় লবণ মিলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের কাছ থেকে ভর্তুকি এবং বিনা মূল্যে আয়োডিন সরবরাহের দাবি জানান।ঝালকাঠি বিসিকের উপব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান বলেন, ‘লবণ মিলগুলোতে নানা সংকট আছে ঠিকই কিন্তু আয়োডিনের বিষয়টি দেখা ছাড়া আমাদের আর তেমন কিছু করার নেই।’