বাসচালককে মারধরের প্রতিবাদে ঝালকাঠির অভ্যন্তরীণ ১৪টি যাত্রাপথে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট চলছে। গতকাল মঙ্গলবার সকালে এ কর্মসূচি শুরু হয়। এতে ভোগান্তিতে পড়ে ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল ও বরগুনার বিভিন্ন পথের হাজারো যাত্রী।
ঝালকাঠি আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বাহাদুর চৌধুরী প্রথম আলোকে বলেন, গত শনিবার সকালে ঝালকাঠি মালিক সমিতির একটি বাস পিরোজপুরে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর সার্কিট হাউস এলাকায় বাসটি ব্যাটারিচালিত একটি ইজিবাইককে পাশ কাটিয়ে যায়। এ সময় পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানকে বহনকারী ব্যাটারিচালিত একটি রিকশাকে ইজিবাইকটি ধাক্কা দেয়। পরে চেয়ারম্যান ও তাঁর লোকজন বাসটি থামিয়ে চালক নান্না সিকদারকে বেধড়ক মারধর করেন। এ ঘটনার বিচার চেয়ে রোববার ঝালকাঠি আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি এবং পিরোজপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কাছে লিখিত আবেদন করা হয়। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা অভিযোগটি আমলে নেননি। এতে ঝালকাঠি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্যরা ক্ষুব্ধ হন। এর পরিপ্রেক্ষিতে গতকাল সকাল থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা বলেন, গতকাল সকাল থেকে বরিশাল-ঝালকাঠি, বরিশাল-ভান্ডারিয়া, বরিশাল-মঠবাড়িয়া, বরিশাল-পাথরঘাটা, বরিশাল-পিরোজপুর, ঝালকাঠি-কাঁঠালিয়া, ঝালকাঠি-আমুয়াসহ ১৪টি পথে বাস চলাচল বন্ধ রয়েছে। বরিশাল থেকে পিরোজপুর, বাগেরহাট ও খুলনা যাত্রাপথেও বাস চলাচল করেনি। কারণ এ যাত্রাপথের বাসগুলো ঝালকাঠি জেলার শহরের ওপর দিয়ে যায়। বাস চলাচল না করায় নিত্যদিনের যাত্রীরা ভোগান্তি পোহায়। তারা বিকল্প ব্যবস্থায় অতিরিক্ত ভাড়া গুনে নানা গন্তব্যে যায়।
জানতে চাইলে পিরোজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘বাসটি একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে আমাকে বহনকারী রিকশাকে ধাক্কা দেয়। এ সময় আমি রিকশা থেকে ছিটকে পড়ে আহত হই। তখন বাসের চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে বাসটি থামায়। পরে চালককে ধরে মারধর করে। আমি গিয়ে চালককে লোকজনের হাত থেকে রক্ষা করি।’