ঝালকাঠির সাবেক পিপি হত্যা মামলায় অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের সাবেক আইনজীবী (পিপি) মো. হায়দার হোসাইন হত্যা মামলার পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গত বুধবার বরিশাল বিভাগীয় দ্রুত বিচার বিশেষ আদালতের বিচারক শা খা ম আনিছুর রহমান খান তিন আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করেন। উপস্থিত আসামিরা হলেন খুলনা টুটপাড়ার মো. মুরাদ হোসেন (২০), বরগুনার আবু শাহাদাৎ মো. তানভীর ওরফে আবীর ওরফে মেহেদী ওরফে মুসফিক (৩৪), তালতলী উপজেলার ছোটবগীর মু. বিল্লাল হোসাইন (৩৭)। পলাতক আসামিরা হলেন রাজধানীর উত্তর খানের মো. বদির উদ্দিন (৩০) ও উজানপুরের সগীর হোসেন ভুইয়া (৩৮)।মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১১ এপ্রিল ঝালকাঠির নতুনবাজার এলাকার মো. হায়দার হোসাইন পাশের মসজিদে এশার নামাজ পড়তে যান। মসজিদ থেকে বের হওয়ার পর তাঁকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। নিহতের ছেলে তারিক ইবনে হায়দার গত ১২ এপ্রিল অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ঝালকাঠি থানায় মামলা করেন। পুলিশ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে মো. মুরাদ হোসেনকে গ্রেপ্তার করে। একই বছরের ৫ জুলাই মুরাদ আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।