ঝালকাঠির সেই প্রধান শিক্ষকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলায় শিক্ষাগত সনদ জালিয়াতির মামলায় ডেবরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের ১২ বছরের কারাদণ্ড হয়েছে। গতকাল বুধবার দুপুরে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আবু মো. শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় রুহুল আমিন আদালতে উপস্থিত ছিলেন। তাঁর বাড়ি নলছিটি উপজেলার ডেবরা গ্রামে।

জানতে চাইলে সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সঞ্জীব কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, জাল সনদ দিয়ে শিক্ষকতা, প্রতারণা ও সরকারি কাজে বাধা দেওয়াসহ তিনটি ধারায় ওই শিক্ষককে যথাক্রমে ৫, ৫ ও ২ বছর করে মোট ১২ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে তাঁর সর্বোচ্চ একটি সাজা অর্থাৎ পাঁচ বছর কারাদণ্ড ভোগ করলেই চলবে।

মামলার নথি ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাল সনদে শিক্ষকতা করার কারণে ১০ বছর ধরে রুহুল আমিনের এমপিও স্থগিত ছিল। জাল সনদে শিক্ষকতা, প্রতারণা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম হারুন অর রশিদ ২০১১ সালের ২৬ জুন রুহুল আমিনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা করেন। পুলিশ ২০১১ সালের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে বলা হয়, বিদ্যালয়ের চাকরিতে যোগদানের সময় রুহুল আমিনের দাখিল করা এসএসসি ও এইচএসসি সনদকে যশোর শিক্ষা বোর্ড এবং বিএ ও বিএড পরীক্ষার সনদকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভুয়া বলে প্রত্যয়ন করেছে। তাঁর বিরুদ্ধে শিক্ষাগত সনদ জালিয়াতি, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে সরকারি কাজে বাধা দেওয়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। ২০১৩ সালের ৮ এপ্রিল এ মামলার অভিযোগ গঠন করা হয়। এই পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের জুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল এমপিও স্থগিত করেন।