ঝালমুড়ি বিক্রেতাদের অনুকরণীয় দৃষ্টান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ২৭ হাজার শিক্ষার্থীর সমাগমে প্রতিদিন মুখর হয়ে ওঠে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ। কলেজে ৮ থেকে ১০ জন ঝালমুড়ি বিক্রি করতে আসেন। আর মুড়ির ঠোঙায় প্রতিদিন নোংরা হয় কলেজ ক্যাম্পাস।

ফলে কলেজ ক্যাম্পাস পরিষ্কার রাখতে এই মুড়ি বিক্রেতারা নিজ উদ্যোগে ময়লা ফেলার ঝুড়ির ব্যবহার শুরু করেছেন। এতে অনেকটা পরিচ্ছন্ন থাকছে কলেজ ক্যাম্পাস, ঝুড়িতে ময়লা ফেলার অভ্যাস তৈরি হচ্ছে শিক্ষার্থীদের।

পাঁচ-ছয়জন মুড়ি বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, একজন বিক্রেতা প্রতিদিন চার শ থেকে পাঁচ শ ঠোঙা মুড়ি বিক্রি করেন। শিক্ষার্থীরা মুড়িগুলো খাওয়ার পর ঠোঙাগুলো কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রাখেন। এতে প্রতিদিন ব্যবহৃত প্রায় পাঁচ হাজার ঠোঙায় পুরো কলেজ ক্যাম্পাস অপরিচ্ছন্ন হয়ে পড়ে। বিষয়টি নাড়া দেয় ঝালমুড়ি বিক্রেতাদের। তাঁরা ময়লা ফেলার ঝুড়ি কেনার উদ্যোগ নেন।

গতকাল রোববার দুপুরে সরেজমিনে কলেজ ক্যাম্পাসে দেখা যায়, ঝালমুড়ির দোকান ঘিরে শিক্ষার্থীদের ভিড়। প্রতিটি দোকানের সামনেই একটি করে রঙিন ঝুড়ি। শিক্ষার্থীরা মুড়ি কিনে

ঝালমুড়ি বিক্রেতারা সামনে রাখেন ময়লা ফেলার ঝুড়ি। দিন শেষে নিজেদের কাগজের ঠোঙা ও আবর্জনা নিয়ে ফেলে দেন নির্দিষ্ট স্থানে। গতকাল পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে l প্রথম আলো
ঝালমুড়ি বিক্রেতারা সামনে রাখেন ময়লা ফেলার ঝুড়ি। দিন শেষে নিজেদের কাগজের ঠোঙা ও আবর্জনা নিয়ে ফেলে দেন নির্দিষ্ট স্থানে। গতকাল পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে l প্রথম আলো

দোকানের সামনেই তা খাচ্ছেন। খাওয়া শেষ হলে ঝুড়িতে ঠোঙাটি ফেলে চলে যাচ্ছেন।

মুড়ি বিক্রেতা নাজিম উদ্দিন জানান, প্রথম দিকে সবাই মুড়ি নিয়ে দূরে কোথায় চলে যেতেন। ফলে ঝুড়ি থাকলেও তার ব্যবহার হচ্ছিল না। কিন্তু দিনে দিনে ঝুড়ি দেখে সবাই উৎসাহিত হচ্ছেন। যিনি যেখানে দাঁড়িয়েই মুড়ি খান, ফিরে এসে ঝুড়িতে ঠোঙা ফেলে যাচ্ছেন।

অপর মুড়ি বিক্রেতা কালাম প্রামাণিক বলেন, ‘মুড়ি হাতে দেওয়ার সময় আমরা ঠোঙা ঝুড়িত ফেলাবের কয়া দিচ্ছি। ছাত্রছাত্রীরাও তাই করতেছেন।’

কলেজের ডিগ্রি শেষ বর্ষের ছাত্র শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘উদ্যোগটি ক্ষুদ্র হলেও এতে আমাদের ক্যাম্পাস পরিচ্ছন্ন থাকছে। বিষয়টা আমাদেরও ভালো লাগছে।’

এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ইমু বলে, ‘আগে আমরা যেখানে-সেখানে ঠোঙা ফেলতাম। এখন আর ফেলতে ইচ্ছা করে না। তাই যেখানেই দাঁড়িয়ে মুড়ি খাই, ঠোঙাটি ঝুড়িতেই ফেলি।’

কলেজশিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম শওকত আলী খান বলেন, ‘আমাদের ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। ঝালমুড়ি বিক্রেতারা সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। এমন ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগে একদিন পুরো ক্যাম্পাস পরিচ্ছন্ন হয়ে উঠবে বলে আমরা আশা রাখি।’