ঝাড়-ফুঁক তুচ্ছ করে...
অবশেষে কবিরাজ আর ওঝার সব তন্ত্রমন্ত্র ও ঝাড়-ফুঁক মিথ্যা প্রতিপন্ন হলো। নাটোর সদর উপজেলার চরতেবাড়িয়া গ্রামের রায়হান আলীকে (২০) দাফন করতে হলো। গতকাল বুধবার দুপুরে তাঁকে নদীর তীরে দাফন করা হয়েছে। গত সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রায়হানকে নাটোর সদর হাসপাতালের চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অথচ তিনি বেঁচে আছেন, এমন দাবিতে তাঁর মা তাঁকে দাফন করতে দিচ্ছিলেন না। ওঝা ও কবিরাজ এনে চলছিল তাঁর চিকিৎসা। এই ঘটনা দেখতে দূর-দূরান্ত থেকে কৌতূহলী লোকজন ওই বাড়িতে ভিড় করছিলেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, অচেনা এক নারী কবিরাজ মঙ্গলবার রাত থেকে রায়হানকে ঝাড়-ফুঁক দিয়ে ‘বাঁচিয়ে তোলার চেষ্টা’ করছিলেন। গভীর রাতে তাঁর নির্দেশে রায়হানকে স্থানীয় নন্দীকূজা নদীর তীরে নিয়ে যাওয়া হয়। সেখানে শামিয়ানা টাঙিয়ে তাঁর ‘চিকিৎসা’ চলছিল। গতকাল দুপুরে ওই কবিরাজ একটি গাছের শিকড়ের সন্ধানে যাওয়ার কথা বলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এদিকে রায়হানের শরীর ফুলে ওঠায় এবং চারদিকে গন্ধ ছড়িয়ে পড়ায় পরিবারের লোকজন নিশ্চিত হন, রায়হান মারা গেছেন। অবশেষে তাঁকে নদীর তীরেই দাফন করা হয়। রায়হানের মা আম্বিয়া খাতুন বলেন, ‘আমার ছেলে তিন দিন কবিরাজ দিয়ে চিকিৎসা করাতে বলে যাওয়ায় আমরা তা করেছি। শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। আমার ছেলের দুর্ভাগ্য হয়তো উপযুক্ত কবিরাজ পাওয়া যায়নি। তবে কী কারণে আমার ছেলে মারা গেল বুঝতে পারলাম না।’প্রসঙ্গত, চরতেবাড়িয়া গ্রামের রায়হান ঘরে ৬০-৭০টি সাপ পুষতেন। গত রোববার দিবাগত রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাঁকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সোমবার ভোরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ বাড়িতে এনে জানাজা শেষে দাফনের জন্য নেওয়া হয়। তবে মায়ের দাবির পরিপ্রেক্ষিতে রায়হানের মরদেহ বাড়িতে ফিরিয়ে আনা হয়। রায়হানের মৃত্যুর আগের ঘোষণা অনুসারে, তিন দিন ধরে তাঁর কবিরাজি চিকিৎসা চলে।