ঝাড়ফুঁকের বিশ্বাসই কেড়ে নিল প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়ার পাহাড়ি এলাকার ত্রিপুরাপাড়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত কয়েক শিশুকে হাসপাতালে নেওয়া হচ্ছে। গতকাল বিকেলে মধ্যম সোনাইছড়ি রেলগেট এলাকা থেকে ছবিটি তোলা l সৌরভ দাশ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারআউলিয়ার পাহাড়ি এলাকার ত্রিপুরাপাড়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত কয়েক শিশুকে হাসপাতালে নেওয়া হচ্ছে। গতকাল বিকেলে মধ্যম সোনাইছড়ি রেলগেট এলাকা থেকে ছবিটি তোলা l সৌরভ দাশ

রোগ থেকে সেরে উঠতে ঝাড়ফুঁকের ওপর অগাধ বিশ্বাস সীতাকুণ্ডের সোনাইছড়ির ত্রিপুরাপাড়ার বাসিন্দাদের। পাহাড়ের ওপরের দুর্গম পাড়াটির বাসিন্দারা অসুস্থ হলে বড়জোর হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যেত। এমনকি জন্মের পর পাড়ার কোনো শিশুর শরীরে টিকার ছোঁয়া লাগেনি। বড়দের অসচেতনতা আর অজ্ঞতার কারণেই নয় শিশু মারা গেছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সময়মতো চিকিৎসকের শরণাপন্ন হলে এই শিশুগুলোর জীবন বাঁচানো যেত বলে মনে করছেন তাঁরা।

 বারআউলিয়ার মধ্যম সোনাইছড়ি গ্রামের পাহাড়ের ওপরে ত্রিপুরাপাড়াটিতে ৬৪টি পরিবার রয়েছে। সীতাকুণ্ডের সোনাইছড়ির রেললাইন পেরিয়ে প্রায় এক মাইল পাহাড়ি পথ হেঁটে পাহাড়ের ওপরের এই ত্রিপুরাপাড়ায় যেতে হয়। এদের বেশির ভাগের পেশা জুমচাষ ও বাগান করা। গতকাল বুধবার পর্যন্ত সাত দিনে এই পাড়ার নয় শিশু অজ্ঞাত রোগে মারা গেছে। আক্রান্ত আরও ৪৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাড়ার প্রায় প্রতিটি ঘরে জ্বর, কাশি, র‍্যাশসহ নানা উপসর্গ নিয়ে আক্রান্ত শিশু রয়েছে।

গতকাল বিশেষজ্ঞ চিকিৎসক দল নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে যায়। এক শিশুর নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা l প্রথম আলো
গতকাল বিশেষজ্ঞ চিকিৎসক দল নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে যায়। এক শিশুর নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা l প্রথম আলো

স্থানীয়রা জানান, ১৫ দিন আগে পাড়ার শিশুদের মধ্যে এই জ্বর দেখা দেয়। কিন্তু গতকাল দুপুরের আগ পর্যন্ত হাসপাতাল কিংবা চিকিৎসকের কাছে রোগীদের নিয়ে যাওয়ার কথা কেউ ভাবেননি। ঝাড়ফুঁক ও হোমিওপ্যাথি ওষুধ দিয়ে চিকিৎসা করিয়েছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা গতকাল এক রকম জোর করেই ওই শিশুদের হাসপাতালে নিয়ে ভর্তি করান।

সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, এখানকার লোকজন শিক্ষার আলো থেকে বঞ্চিত। ঝাড়ফুঁক ইত্যাদিতে বিশ্বাসী এরা। আধুনিক চিকিৎসা সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। বুধবার জোর করে তাঁদের শিশুদের হাসপাতালে পাঠাতে হয়েছে। প্রশাসন খবর না পেলে ওই পাড়ায় শিশু মৃত্যুর সংখ্যা আরও বাড়ত বলে ধারণা করছেন সিভিল সার্জন।

অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি সংযুক্ত সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হওয়া কয়েকজন। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো
অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডি সংযুক্ত সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হওয়া কয়েকজন। ছবিটি গতকাল বিকেলে তোলা l প্রথম আলো

গতকাল দুপুরে ওই পাড়ায় গিয়ে দেখা যায়, দুই বছর বয়সী ছেলের লাশের পাশে স্তব্ধ হয়ে বসে আছেন বিমল ত্রিপুরা নামের এক বাসিন্দা। ছেলের লাশের পাশে পড়ে রয়েছে নিমপাতাসহ পাহাড়ি বিভিন্ন গাছগাছড়া আর শেকড়বাকড়। এত দিন এসব দিয়ে অসুস্থ ছেলের ঝাড়ফুঁক করেছেন বলে জানান বিমল ত্রিপুরা।

গত বৃহস্পতিবার অজ্ঞাত এই রোগে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। ওই পাড়ার সর্দার সুজন ত্রিপুরার পাঁচ বছর বয়সী ছেলে জানিয়া মারা যায়। এর চার দিন পর গত সোমবার তাঁর তিন বছর বয়সী ছেলে কানাইয়াও মারা যায়। এরপর গতকাল সুজনের অসুস্থ দুই মেয়েকে হাসপাতালে ভর্তি করানো হয়।

এত দিন চিকিৎসকের কাছে কেন জাননি জানতে চাইলে সুজন প্রথম আলোকে বলেন, ‘আমরা গরিব মানুষ। টাকা কোথায় পাব? তাই যাইনি। হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছি। আর ঝাড়ফুঁক করা হয়েছে। জন্মের পর থেকে এখানকার শিশুদের কাউকে টিকাও দেওয়া হয়নি বলে তিনি জানান।’

প্রশাসনের চাপাচাপিতে গতকাল হাসপাতালে মেয়েকে নিয়ে যান ওই পাড়ার চন্দন ত্রিপুরাও। তিনি বলেন, দারিদ্র্যের কারণে হাসপাতালে নিয়ে চিকিৎসার কথা কখনো ভাবেননি। সরকারি হাসপাতালের কথাও জানতেন না।

জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, এখানকার লোকজন সচেতন নয়। তাঁদের অবহেলা ও অসচেতনতার কারণে শিশুগুলো মারা গেল।

পাড়াটিতে যেতে হয় কাদামাটির পাহাড় ডিঙিয়ে। এরপর তিনটি পাহাড়ের চূড়ায় পুরো পাড়াটির বাসিন্দারা থাকে। পাড়ার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানকার শিশুরা পড়ালেখা করে না। কাছাকাছি কোনো বিদ্যালয়ও নেই।