ঝাড়ু দিলে নম্বর মেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক বিকাশে চারু ও কারু নামে সহপাঠ্য বিষয় চালু আছে। এর আওতায় পরীক্ষার সময় শিশুরা মাটি দিয়ে পুতুল, পাখি, ফুল ও ফল বানিয়ে বিদ্যালয়ে জমা দেয়। সৃজনশীলতা বিবেচনায় শিক্ষকেরা নম্বর দেন। কিন্তু ঝিনাইদহের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ঝাঁটা ও ঝাড়ু সংগ্রহ করতে দেখা গেল।পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার আশায় শিক্ষার্থীরা নিজেরা না বানিয়ে দোকান থেকে ঝাড়ু কিনে বিদ্যালয়ে জমা দিচ্ছে। শিক্ষকদের দাবি, বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এগুলো নেওয়া হচ্ছে। গত এক সপ্তাহে ঝিনাইদহের একাধিক সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, প্রথম সাময়িক পরীক্ষা চলছে। পরীক্ষায় নানা বিষয়ের সঙ্গে চারু ও কারু বিষয়টিও রয়েছে। চারু ও কারুতে ২৫ করে মোট ৫০ নম্বর রয়েছে।কয়েকটি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা ঝাড়ু কাঁধে বিদ্যালয়ে আসছে। তারা জানায়, ঝাড়ু জমা দিলে শিক্ষকেরা তাদের নম্বর দেবেন, না দিলে নম্বর কেটে দেবেন। গত রোববার সকাল সাড়ে নয়টায় ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে বেঞ্চের ওপর ঝাড়ু নিয়ে বসে আছে। তখনও পরীক্ষা শুরু হয়নি। পরীক্ষা শুরু হলে এগুলো শিক্ষকদের কাছে জমা দেবে তারা।বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রী জানায়, আট টাকা দিয়ে দোকান থেকে এই ঝাড়ু কিনেছে সে। শিক্ষকেরা বলে দিয়েছেন, ঝাঁটা-ঝাড়ু না আনলে নম্বর দেওয়া হবে না। বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে গিয়ে দেখা যায়, শতাধিক ঝাড়ু ও বেশকিছু ঝাঁটা পড়ে আছে। পাশের মুদি দোকানি ইমন মণ্ডল জানান, এক দিনে তিনি ৩০টি ঝাড়ু বিক্রি করেছেন, যার সবগুলো বিদ্যালয়ের ছেলেমেয়েরা কিনে নিয়েছে।বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহানারা খাতুন জানান, এটা নিয়মে পরিণত হয়ে যাওয়ায় তাঁরাও নিচ্ছেন। তবে কাউকে দিতে বাধ্য করা হয় না। তিনি জানান, বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ঝাড়ুর প্রয়োজন হয়। তাঁরা এগুলো সেই কাজে ব্যবহার করেন। একই দিন সদর উপজেলার বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানেও শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। চারু ও কারু পরীক্ষায় শিক্ষার্থীরা এখানেও ঝাঁটা-ঝাড়ু জমা দিয়েছে। প্রধান শিক্ষক আফরোজা বেগম জানান, তাঁরা হাতের তৈরি নানা শিল্পকর্ম জমা নিয়েছেন। এর সঙ্গে কেউ কেউ ঝাড়ুও দিয়েছে। বিদ্যালয়ের প্রয়োজনে এগুলো নিতে হয় বলে জানান তিনি।ঝিনাইদহ শহরতলীর বাসিন্দা ও একজন অভিভাবক জানান, শিশুর মন বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে নানা দিকে ছড়িয়ে দেওয়ার জন্য সহপাঠ্য চালু করা হয়েছে। কিন্তু শিক্ষকেরা বিদ্যালয় পরিষ্কার রাখার জন্য শিক্ষার্থীদের মূল বিষয় পরিবর্তন করে বাড়ি থেকে ঝাড়ু আনতে বলবেন, এটা ঠিক নয়। শিক্ষকেরা এই নিয়ম চালু করলে তাঁদের সন্তানেরা ভুল পথে পরিচালিত হবে।জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সহকারী শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি জানান, এটি আদৌ ঠিক নয়। এভাবে ঝাঁটা-ঝাড়ু সংগ্রহ করা হচ্ছে কি না, বিষয়টি তাঁরা খোজ নিয়ে দেখবেন।