ঝাড়ুদারের হাতে কলেজ অধ্যক্ষ লাঞ্ছিত!
সাতক্ষীরার কলারোয়া উপজেলার আমানুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষকে একই কলেজের এক ঝাড়ুদার লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার কলারোয়া সদরের আলিয়া মাদ্রাসার মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সকাল নয়টার দিকে অধ্যক্ষ রিকশাভ্যানে করে কলেজে যাচ্ছিলেন। পথে আলিয়া মাদ্রাসার মোড়ে অধ্যক্ষকে ঝাঁটা দিয়ে পেটান কলেজের এক নারী ঝাড়ুদার। পথচারীরা অধ্যক্ষকে উদ্ধার করে কলেজ ক্যাম্পাসে পৌঁছে দেয়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ওই ঝাড়ুদার অভিযোগ করেন, চার-পাঁচ বছর ধরে কলেজ ছুটি হওয়ার পর তাঁকে দিয়ে বিনা পয়সায় বাসার কাজ করান অধ্যক্ষ। গত ২৬ মে শারীরিক অক্ষমতার জন্য অধ্যক্ষের বাসার কাজ করতে অপারগতা প্রকাশ করেন তিনি। এতে অধ্যক্ষ গালাগাল করে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেন। গত বৃহস্পতিবার তাঁকে আকস্মিকভাবে বরখাস্ত করা হয়। গতকাল আলিয়া মাদ্রাসার সামনে বরখাস্ত করার কারণ জানতে চাইলে অধ্যক্ষ স্থায়ীভাবে বরখাস্ত করার হুমকি দেন। এ পর্যায়ে সেখানে টানাহেঁচড়ার ঘটনা ঘটে। অভিযোগ অস্বীকার করে কলেজের অধ্যক্ষ বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই ঝাড়ুদার ঠিকমতো দায়িত্ব পালন করেন না। কাজ করতে বললে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। এ জন্য তাঁকে বরখাস্ত করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে গতকাল আমাকে মারধর করা হয়। এ ব্যাপারে আমি মামলা করব।’ কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাজেদুর রহমান খান চৌধুরী বলেন, এ ঘটনায় গতকাল দুপুরে কমিটির সভা হয়েছে। সভায় ওই নারীর বিরুদ্ধে থানায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে।