ঝাড়ুয়ার বিলে ১২০০ জনকে হত্যায় আজহার সম্পৃক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী মেছের উদ্দিন। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে রংপুরের ঝাড়ুয়ার বিলে এক হাজার ২০০ মানুষকে নির্বিচারে হত্যার সঙ্গে আজহারুল ইসলাম সম্পৃক্ত ছিলেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মেছের উদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম। এ সময় আসামির কাঠগড়ায় আজহারুল ইসলাম হাজির ছিলেন।
মেছের উদ্দিন (৬৬) জবানবন্দিতে বলেন, একাত্তরের ১৭ এপ্রিল আজহারুল ইসলাম, তাঁর সহযোগী ও পাকিস্তানি সেনারা কৌশলে বদরগঞ্জের গ্রামগুলো চারদিক থেকে ঘিরে ফেলে। তিনি সাদা শার্ট ও প্যান্ট পরা অবস্থায় আজহারুলকে পাকিস্তানি সেনাদের সঙ্গে দেখতে পান। সেনারা নির্বিচারে গুলি করে ঝাড়ুয়ার বিলে প্রায় এক হাজার ২০০ মানুষকে হত্যা করে। নিহতদের মধ্যে প্রাণকৃষ্ণ মাস্টার, মিনহাজুল ইসলাম, আব্বাসউদ্দিন, ফয়েজউদ্দিন ও তাঁর ছেলে নূর সেলিম, আসাদ বখ্শকে তিনি চিনতেন। তিনি সেখানে অনেক হিন্দুধর্মাবলম্বীর মরদেহও দেখেছেন।
রংপুরের বদরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেছের উদ্দিন আরও বলেন, ১৭ এপ্রিল আজহারুল ইসলাম, তাঁর সহযোগী ও পাকিস্তানি সেনারা অসংখ্য মানুষকে ধাওয়া করে ৭ নম্বর রেলগেটের কাছে নিয়ে যায়। আসরের নামাজের পর আজহারুল ইসলাম হিন্দু, যুবক ও বৃদ্ধদের আলাদা সারিতে দাঁড় করান। এরপর প্রায় ২০০ জনকে ট্রেনে করে পার্বতীপুর নিয়ে যাওয়া হয়। ওই ২০০ জনের মধ্যে তাঁর একাধিক স্বজন ছিলেন।
এ ছাড়া রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষক কালাচাঁদ রায় ও তাঁর স্ত্রী, চিত্ত রায়, সুনীল চক্রবর্তী এবং আরেকজন শিক্ষককে দামোদর সেতুর কাছে নিয়ে হত্যা করার খবর শুনেছিলেন বলে জানান সাক্ষী মেছের উদ্দিন।
মেছের উদ্দিন আরও বলেন, পাকিস্তানি সেনা ও আজহার বদরগঞ্জ শহরের নিয়ন্ত্রণ নিয়ে ধনাঢ্য ব্যবসায়ী জগদীশ বাবুর বাড়ি দখল করে সেখানে শান্তি কমিটি, রাজাকার ও পাকিস্তানি সেনাদের ক্যাম্প স্থাপন করেন।
জবানবন্দি শেষে মেছের উদ্দিনকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সুবহান তরফদার। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম কাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।