ঝিকরগাছায় ট্রাকচাপায় এক ব্যক্তি নিহত
যশোরের ঝিকরগাছা উপজেলায় ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার মিশনপাড়া এলাকায় বেনেয়ালী-শিমুলিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুল ওহাব (৪৫)। তিনি উপজেলার নবগ্রাম গ্রামের মোহাম্মদ আলী দপ্তরির ছেলে। নিহত আবদুল ওহাব পেশায় রসুন বিক্রেতা ছিলেন। বস্তায় রসুন ভরে তা সাইকেলে বেঁধে উপজেলার গ্রামে গ্রামে ঘুরে তিনি বিক্রি করতেন।
একজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকালে আবদুল ওহাব রসুনের বস্তা সাইকেলের পেছনে বেঁধে উপজেলার বেনেয়ালী-শিমুলিয়া সড়ক দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে তিনি মিশনপাড়া এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-০২১২) তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ট্রাকচাপায় আবদুল ওহাব নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক বলে তিনি জানান।