ঝিকরগাছায় দুই কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই, ভোট গ্রহণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিকরগাছায় দুই কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলামের কর্মীরা। ছবি: শরিফুল হাসান
ঝিকরগাছায় দুই কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলামের কর্মীরা। ছবি: শরিফুল হাসান

যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয় ও কায়েমকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম ছিনিয়ে নিয়ে গেছেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলামের কর্মীরা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে সাড়ে ১০টার পর থেকে ওই দুটি কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।
কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছিল। কিন্তু সাড়ে ১০টার দিকে কয়েক শ লোক লাঠিসোঁটা নিয়ে গিয়ে সব কক্ষ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়। এরপর তারা নিজেরাই দোয়াত-কলমের (মনিরুল ইসলাম) পক্ষে সিল মারে। বিষয়টি আমি সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। একই অবস্থা কায়েমকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও।’
কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাশিনাথ বলেন, ‘১৫০ থেকে ২০০ লোক লাঠিসোঁটা নিয়ে এসেছিল। এ ক্ষেত্রে আমাদের করার কিছুই ছিল না।’
কায়েমকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা রবিউল ইসলাম জানান, ব্যালট ছিনতাইয়ের কারণে এখন ভোট বন্ধ রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করলে এখানে ভোট নেওয়া সম্ভব নয়।