ঝিকরগাছায় বাইসাইকেল পেল ১৬১ জন ছাত্রী

যশোরের ঝিকরগাছা উপজেলার ৮৪টি বিদ্যালয়ের ১৬১ জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মাঝে ‘দীপান্বিতা’ নামের এ বাইসাইকেল দেওয়া হয়।
সাইকেল পেয়ে বুদ্ধিমত্তা পরীক্ষায় প্রথম হওয়া ঝিকরগাছা এমএল মডেল হাইস্কুলের ছাত্রী সাবিকুন নাহার বলে, বাড়ি থেকে স্কুলের দূরত্ব ৩ কিলোমিটার। প্রতিদিন ভ্যানে করে স্কুলে যেতে ২০ টাকা করে খরচ হয়। বাবার কাছ থেকে প্রতিদিন হাত পেতে ওই টাকা নিতে হয়। এখন আর টাকা নেওয়া লাগবে না। ভাবতেই মজা লাগছে।
বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল জলিল বলেন, উপজেলার ৮৪টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে অষ্টম ও নবম শ্রেণির ১ হাজার ২০ জনকে প্রাথমিকভাবে বাছাই করে ১০০ নম্বরের বুদ্ধিমত্তা পরীক্ষা নেওয়া হয়। মেধার মাধ্যমে সেখান থেকে ১৬১ জনকে নির্বাচন করা হয়। কোনো প্রতিষ্ঠান থেকে ৪ জনের বেশি নেওয়া হয়নি। উপজেলা শিক্ষা তহবিল, উপজেলা পরিষদ নারী উন্নয়ন ফোরাম ও এলজিএসপি প্রকল্পের টাকা থেকে ছাত্রীদের এই সাইকেল দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৪ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাংসদ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হুমায়ুন কবীর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবিরা সুলতানা।
পরে আরেকটি অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৬৫ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে একটি বাড়ি একটি খামারের সদস্য করে ৩ লাখ ৯৬ হাজার টাকার চেক ঋণ হিসেবে দেওয়া হয়। এ ছাড়া পৌর এলাকার ৫ জন ভিক্ষুককে ৫টি গরু ও অপর ১ জনকে ১টি ভ্যানগাড়ি বিতরণ করা হয়। শীত নিবারণের জন্য উপস্থিত ভিক্ষুকদের প্রত্যেকের হাতে ১টি করে কম্বল তুলে দেওয়া হয়।