ঝিনাইগাতিতে বন্য হাতির আক্রমণে নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন্য হাতির আক্রমণে আরও একজন নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পশ্চিম বাকাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার নিহত বিবিরন বেওয়াকে (৪৬) দাফন করা হয়েছে।
এর আগে গত শুক্রবার দিবাগত রাতে হাতির আক্রমণে উপজেলার ছোট গজনী গ্রামে ললেন মারাক (৫৫) নামের এক কৃষক নিহত হন। এ নিয়ে তিন মাসে বন্য হাতির আক্রমণে ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্তে চারজনের মৃত্যু হলো।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে একদল বন্য হাতি ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া, ছোট গজনী, বড় গজনী, তাওয়াকুচা ও সন্ধ্যাকুড়া গ্রামে অবস্থান করছিল। গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে কয়েকটি হাতি পশ্চিম বাকাকুড়া গ্রামের বিবিরনের বাড়িতে আক্রমণ করে। এ সময় একটি হাতি বিবিরন বেওয়াকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পদপিষ্ট করে ছিন্নভিন্ন করে ফেলে। ঘটনাস্থলে তিনি মারা যান। গতকাল বাদ জোহর জানাজা শেষে নিজ গ্রামে তাঁকে দাফন করা হয়। এ ছাড়া গ্রামের চার কৃষকের অন্তত আড়াই একর জমির ফসল নষ্ট হয়েছে।