ঝিনাইগাতী উপজেলা ভাইস চেয়ারম্যান কারাগারে
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেনকে গতকাল মঙ্গলবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর হামলা এবং টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা দ্রুত বিচার আইনের মামলায় গ্রেপ্তারের পর তাঁকে কারাগারে পাঠানো হয়। গত সোমবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহযোগিতায় ঝিনাইগাতী থানার পুলিশ শেরপুর জেলা জজ আদালত চত্বর থেকে মোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ঝিনাইগাতী উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ও তাঁর লোকজন গত ২৯ আগস্ট উপজেলা সদরে মালিঝিকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিউদ্দিনের মোটরসাইকেলের গতিরোধ করে তাঁকে মারধর করেন। এ সময় তাঁরা শফিউদ্দিনের কাছে থাকা প্রায় তিন লাখ টাকা ছিনিয়ে নেন। খবর পেয়ে ঝিনাইগাতী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো. শফিউদ্দিন বাদী হয়ে গত সোমবার সকালে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেনসহ ছয়জনকে আসামি করে ঝিনাইগাতী থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। সোমবার বিকেলে ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। গতকাল পুলিশ তাঁকে শেরপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. হাবিবুর রহমান সিদ্দিকীর আদালতে হাজির করে। আদালত জামিন নামঞ্জুর করে মোফাজ্জল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।