ঝিনাইগাতী ও পাটগ্রাম সীমান্তে পতাকা বৈঠকে বিজিবির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার সিসিঙ্গাপাড়া এলাকায় দুই বাংলাদেশি কিশোরকে গণপিটুনিতে হত্যা এবং লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি রাখালকে বিএসএফের পিটিয়ে হত্যার ঘটনায় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এবং লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে এই প্রতিবাদ জানানো হয়। গতকাল ঝিনাইগাতী উপজেলার হলদী গ্রাম সীমান্তে বাংলাদেশ-ভারত সীমান্তের ১১০৯ নম্বর পিলারের কাছে নো-ম্যানস-ল্যান্ডে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির ময়মনসিংহ ২৭ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল জাবেদ সুলতান এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের ১৮৩ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল পি এন মাদভি।
সূত্র জানায়, বৈঠকে কর্নেল জাবেদ গত সোমবার ভারতীয় সীমানায় দুই বাংলাদেশি নিরীহ কিশোর হেমন্ত কোচ ও শীতল কোচকে গণপিটুনি দিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদ জানান। ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড থেকে বিরত থাকতে বিএসএফ অধিনায়ককে অনুরোধ করা হয়। জবাবে বিএসএফের অধিনায়ক হত্যাকাণ্ডের জন্য ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করেন।
গত সোমবার রাতে ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার সিসিঙ্গাপাড়া এলাকায় ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি কিশোর হেমন্ত (১৪) ও শীতল (১৪) নিহত হয়। তাদের বাড়ি ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া গ্রামে। গতকাল সকালে রাংটিয়া গ্রামের মহাশ্মশানে দুই কিশোরের মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এদিকে গতকাল পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহাবুব রহমান এবং ভারতের পক্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার রানীনগর বিএসএফ ৩৫ ব্যাটালিয়নের কমান্ডার এ এল তিরকি নেতৃত্ব দেন।
বৈঠক শেষে লে. কর্নেল মাহাবুব রহমান বলেন, ‘বৈঠকে আমরা রাখাল নুরন্নবী হত্যার প্রতিবাদ জানিয়েছি। তাকে নির্যাতন করে ও পাথর ছুড়ে হত্যা করা হয়েছে বলে প্রতিবাদ জানালে বিএসএফ কমান্ডার তা অস্বীকার করেন। তাঁরা উল্টো দাবি করেন, নুরন্নবী ও তার সঙ্গীরা বিএসএফকে লক্ষ্য করে পাথর ছুড়েছে। বিএসএফ আত্মরক্ষার্থে গুলি করে।’
পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার ইসলাম বলেন, ‘নুরন্নবীর লাশ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভারত ময়নাতদন্তের প্রতিবেদন দেয়নি। তবে ওই দেশের পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদনে বুলেটের আঘাতের কথা উল্লেখ করেছে। আমি যে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি, তাতে লাশের পিঠে ক্ষতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ বোঝা যাবে।’