ঝিনাইগাতী-তাওয়াকুচা সড়ক ৪১ বছরেও পাকা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪১ বছর পরও শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী-তাওয়াকুচা সড়কটি পাকা করা হয়নি। এলাকাবাসী একাধিকবার আবেদন করলেও সড়কটি পাকাকরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এ সড়ক দিয়ে চলাচলকারী কয়েক হাজার লোক অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন।সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শেরপুর জেলার গারো পাহাড়ের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলা সদর থেকে কাংশা ইউনিয়নের তাওয়াকুচা পর্যন্ত কাঁচা সড়কটির দৈর্ঘ্য ১২ কিলোমিটার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নিয়ন্ত্রণাধীন এ সড়কের দুই পাশে ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের ডেফলাই, ফুলহারি ও ভালুকা এবং কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও, বাকাকুড়া, পানবর, গুরুচরণ দুধনই, গজনী, ছোট গজনী, জোকাকুড়া ও তাওয়াকুচা গ্রাম অবস্থিত। এসব গ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করে থাকে। সড়কটি কাঁচা হওয়ায় এটির ওপর দিয়ে কোনো ভারী যানবাহন চলাচল করতে পারে না। সাইকেল, রিকশা ও ভ্যানসহ কিছু হালকা যান চলে। ফলে যাতায়াতে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সমস্যা হচ্ছে উৎপাদিত কৃষি পণ্য পরিবহনে। বর্ষা মৌসুমে তো এ সড়ক দিয়ে হেঁটে চলাও কঠিন হয়ে পড়ে।গত ৩১ মে সরেজমিনে ভালুকা গ্রামের বাসিন্দা ও ঝিনাইগাতী শফিউদ্দিন কলেজের শিক্ষার্থী মো. রেজাউল করিম বলেন, বর্ষা মৌসুমে হেঁটে চলাচল করতে পথচারীদের ভীষণ কষ্ট হয়। প্রায় দুই ঘণ্টা সময় ব্যয় করে উপজেলা সদরে যেতে হয়। সড়কটি পাকা করা হলে এলাকাবাসী মাত্র আধা ঘণ্টায় উপজেলা সদরে যাতায়াত করতে পারবে।কাংশা ইউনিয়ন পরিষদের দুই সাবেক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও মো. আনার উল্লাহ প্রথম আলোকে বলেন, ঝিনাইগাতী-তাওয়াকুচা কাঁচা সড়কটি পাকাকরণ এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি। সড়কটির উন্নয়নের জন্য একাধিকবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আবেদন-নিবেদন করা হয়েছে। কর্তৃপক্ষ আশ্ব্বাসও দিয়েছে। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি।এ ব্যাপারে জানতে চাইলে ঝিনাইগাতী উপজেলা প্রকৌশলী স্বপন কুমার গুহ ২ জুন প্রথম আলোকে বলেন, ঝিনাইগাতী সদর থেকে বাকাকুড়া বাজার পর্যন্ত নয় কিলোমিটার কাঁচা সড়ক উন্নয়নের জন্য ‘পল্লি পরিবহন উন্নয়ন প্রকল্প’- (আরটিআইপি)-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে এলজিইডির সদর দপ্তরে প্রকল্প প্রস্তাবনাপত্র পাঠানো হয়েছে। সম্ভাব্যতা যাচাই-বাছাইয়ের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।