ঝিনাইগাতী থেকে আবার গুলি, কাগজপত্র উদ্ধার
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলি উদ্ধারের ঘটনার মাত্র চার দিন পর শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী গান্ধীগাঁও গ্রাম থেকে আবার চায়নিজ রাইফেলের ৫১৫টি গুলি ও কাগজপত্রসহ বেশ কিছু বইপত্র উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার ভোরে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঝিনাইগাতী থানার পুলিশের সহযোগিতায় গারো পাহাড়ের গান্ধীগাঁও গ্রামের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি ও বইপত্র উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার বা আটক হয়নি।এর আগে ১৩ সেপ্টেম্বর বিজিবি, ২৭ ব্যাটালিয়ন নকশী সীমান্ত ফাঁড়ির সদস্যরা পশ্চিম গান্ধীগাঁও গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে চায়নিজ রাইফেলের ২৫০টি গুলি, তিনটি ডেটোনেটর ও উলফার বিপুল পরিমাণ সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করেন। এ নিয়ে গত পাঁচ মাসে পুলিশ ও বিজিবির সদস্যরা ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন থেকে ছয় দফায় তিন হাজার ৬৩৬টি গুলি উদ্ধার করলেন।এ ছাড়া ৫ সেপ্টেম্বর র্যাব-১২ (জামালপুর-শেরপুর অঞ্চল) সদস্যরা কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের একটি জঙ্গলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চারের তিনটি শক্তিশালী তাজা গোলা উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় সূত্রের বক্তব্যমতে, পুলিশ সদস্যরা গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে গান্ধীগাঁও গ্রামে অভিযান চালান। এ সময় তাঁরা বস্তার মধ্যে লুকানো একটি প্লাস্টিকের ব্যাগে ভরা চায়নিজ রাইফেলের ৫১৫টি গুলি এবং আলাদা একটি ব্যাগে বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাংগঠনিক কাগজপত্রসহ বিপুল পরিমাণ মূল্যবান দেশি-বিদেশি বইপত্র উদ্ধার করেন। উদ্ধার করা বইয়ের মধ্যে অহমিয়া ভাষায় লেখা ‘সংযুক্ত মুক্তি বাহিনী, অসম (উলফা)’র সংবিধানও ছিল।শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিসুর রহমান গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বিভিন্ন সময়ে উদ্ধার করা গুলিগুলো কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হতে পারে। তবে এগুলোর উ ৎস বা কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। গুলি ও বইপত্র উদ্ধারের ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।প্রসঙ্গত, ২০১০ সালের ১৮ ডিসেম্বর বাকাকুড়া গ্রামের জনৈক অছির উদ্দিনের বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে পুলিশ চায়নিজ রাইফেলের ১৩ হাজার ৬৮০টি তাজা গুলি উদ্ধার করে। একই বছরের ২৫ ডিসেম্বর বিজিবি ঝিনাইগাতী নকশি সীমান্ত ফাঁড়ির সদস্যরা বাকাকুড়া গ্রামের গারো পাহাড়ের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি মাইন, একটি গ্রেনেড, ৯৭টি গুলি, মাইন বিস্ফোরক যন্ত্রপাতি ও ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার বিপুল পরিমাণ সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করে।