ঝিনাইগাতী সীমান্ত থেকে গুলি ও ডেটোনেটর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী পশ্চিম গান্ধীগাঁও গ্রাম থেকে চায়নিজ রাইফেলের ২৫০টি গুলি, তিনটি ডেটোনেটর ও ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করা হয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ২৭ ব্যাটালিয়ন নকশী সীমান্ত ফাঁড়ির সদস্যরা গতকাল মঙ্গলবার সকালে পশ্চিম গান্ধীগাঁও গ্রামের একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার বা আটক হয়নি।এ নিয়ে গত পাঁচ মাসে পুলিশ ও বিজিবির সদস্যরা ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন থেকে পাঁচ দফায় তিন হাজার ১২১টি গুলি উদ্ধার করেন। এ ছাড়া ৫ সেপ্টেম্বর র‌্যাব-১২ (জামালপুর-শেরপুর অঞ্চল)-এর সদস্যরা কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের একটি জঙ্গলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চারের তিনটি তাজা গোলা উদ্ধার করে।বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবি, নকশী সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল গতকাল সকাল সাড়ে নয়টার দিকে পশ্চিম গান্ধীগাঁও গ্রামের বাহাদুর আলীর পরিত্যক্ত রান্নাঘরে অভিযান চালায়। এ সময় তারা ওই ঘরের তুষের বস্তার মধ্যে লুকানো একটি প্লাস্টিকের ব্যাগে ভরা চায়নিজ রাইফেলের ২৫০টি গুলি, তিনটি ডেটোনেটর ও উলফার সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করে। অভিযানকালে স্থানীয় এলাকাবাসী উপস্থিত থাকলেও বাহাদুর আলী বাড়িতে ছিলেন না। বিজিবির অভিযানে উদ্ধারকৃত এসব গুরুত্বপূর্ণ সামগ্রীর সংবাদ পেয়ে গতকাল বিকেলে বিজিবি, ময়মনসিংহের সেক্টর কমান্ডার লে. কর্নেল আবদুর রাজ্জাক তরফদার ঝিনাইগাতীর নকশী সীমান্ত ফাঁড়ি পরিদর্শন করেন।নকশী সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো. নজরুল ইসলাম জানান, উদ্ধার করা সামগ্রী ঝিনাইগাতী থানায় হস্তান্তর ও সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।অন্যদিকে বিজিবি, ২৭ ব্যাটালিয়নের গোয়েন্দা কর্মকর্তা মেজর শাহেদ মেহের গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, উদ্ধার করা গুলিগুলো বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার হতে পারে। তদন্ত সাপেক্ষে তা নিশ্চিত হওয়া যাবে।