ঝিনাইগাতী সীমান্ত থেকে ২৯০টি গুলি উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী গজনী এলাকার একটি কালভার্টের নিচ থেকে গতকাল শুক্রবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা পরিত্যক্ত অবস্থায় চায়নিজ রাইফেলের ২৯০টি গুলি উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। এর আগে চলতি বছরের ৯ মে ঝিনাইগাতীর বাকাকুড়া গ্রাম থেকে পুলিশ ৯৯৫টি এবং ১৭ মে গজনী এলাকা থেকে ৩৬৭টি চায়নিজ রাইফেলের গুলি উদ্ধার করেছিল। পুলিশ ও বিজিবি সূত্রের ভাষ্যমতে, নকশি সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা সীমান্ত সড়কের গজনী এলাকার একটি কালভার্টের নিচে পলিথিনে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগে রাখা এসব গুলি উদ্ধার করেন। পরে গতকাল শুক্রবার বিকেলে বিজিবি উদ্ধারকৃত গুলি ঝিনাইগাতী থানায় হস্তান্তর করে। গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন তরফদার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে পরিত্যক্ত অবস্থায় পাওয়ায় উদ্ধার করা এসব গুলির উৎস জানা যায়নি।প্রসঙ্গত, ২০১০ সালের ১৮ ডিসেম্বর সকালে বাকাকুড়া গ্রামের জনৈক অছির উদ্দিনের বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে পুলিশ ১৩ হাজার ৬৮০টি রাইফেলের গুলি উদ্ধার করে। একই বছরের ২৫ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঝিনাইগাতী নকশি সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই গ্রামের গারো পাহাড়ের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি মাইন, একটি গ্রেনেড, ৯৭টি গুলি, মাইন বিস্ফোরক যন্ত্রপাতি ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার বিপুল পরিমাণ সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করে। এ ছাড়া ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর তৎকালীন বিডিআরের সদস্যরা ঝিনাইগাতীর বাকাকুড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে প্লাস্টিকের ড্রাম থেকে ২৯ হাজার ১০০টি গুলি উদ্ধার করে। সে সময় বিডিআর রাসেল সাংমা নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে শেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দেন।