ঝিনাইগাতী সীমান্তে আবার ৩৬৭টি গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী গজনী এলাকার একটি কালভার্টের নিচ থেকে গতকাল মঙ্গলবার ভোরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় চায়নিজ রাইফেলের ৩৬৭টি গুলি উদ্ধার করেছে। শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।৯ মে একই ইউনিয়নের বাকাকুড়া গ্রাম থেকে পুলিশ অভিযান চালিয়ে চায়নিজ রাইফেলের ৯৯৫টি গুলি উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করেছিল।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এসব গুলি দুটি পলিথিনে মোড়ানো একটি প্লাস্টিকের বস্তায় পাওয়া যায়। গুলি উদ্ধারের সময় ঝিনাইগাতী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইউসুফ হারুন উপস্থিত ছিলেন।গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে উদ্ধার করা এসব গুলির উৎস জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।এক সপ্তাহের ব্যবধানে পুনরায় ঝিনাইগাতী সীমান্তে গুলি উদ্ধারের ঘটনায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানায়, উদ্ধারকৃত এসব গুলি ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার হতে পারে। দীর্ঘ এক দশক ধরে উলফার সদস্যরা শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে তাঁদের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। কিন্তু গত বছরের জুলাই মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে উলফার সামরিক কমান্ডার মাসুদ রঞ্জন চৌধুরী ওরফে রঞ্জু চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনার উল্লাহ ও ঝিনাইগাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. ইউসুফ হারুন প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন এই সীমান্তে উলফা তাদের কার্যক্রম পরিচালনা করেছে। তাই উদ্ধারকৃত এসব গুলি উলফার সদস্যদের হতে পারে।