ঝিনাইগাতী সীমান্তে এবার ১২১৯টি গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে এবার চায়নিজ রাইফেলের এক হাজার ২১৯টি গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের বড় গজনী গ্রামের একটি কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই গুলি উদ্ধার করে পুলিশ।এ নিয়ে গত চার মাসে কাংশা থেকে দুই হাজার ৮৭১টি গুলি উদ্ধার করা হয়েছে। ঝিনাইগাতী উপজেলার পাশেই ভারতের মেঘালয় রাজ্য।গুলি উদ্ধারের আগে গত বুধবার রাতে কাংশার গান্ধীগাঁও গ্রামের সাইফুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ। সাইফুলকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল বিকেলে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরল আলম মোহাম্মদ নিপুর আদালতে পাঠায় পুলিশ। আদালত আগামী সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে সাইফুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তাঁকে শেরপুর কারাগারে পাঠানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ অস্ত্র ও গুলি রয়েছে—এমন খবরের ভিত্তিতে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বুধবার রাত সাড়ে নয়টার দিকে গান্ধীগাঁও গ্রাম থেকে সাইফুলকে আটক করে। পরে তাঁকে ডিবি পুলিশ কার্যালয়ে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। সাইফুলের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল ভোর পাঁচটার দিকে ঝিনাইগাতী থানার পুলিশের সহযোগিতায় অভিযান চালায় ডিবি। বড় গজনী এলাকার একটি স্টিলের কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় তারা উদ্ধার করে চায়নিজ রাইফেলের এক হাজার ২১৯টি গুলি। এসব গুলি একটি প্লাস্টিকের বস্তায় তিনটি পলিথিনে মোড়ানো ছিল।গুলি উদ্ধারের সময় ঝিনাইগাতী উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও কাংশার বাকাকুড়া গ্রামের বাসিন্দা মো. ইউসুফ হারুন উপস্থিত ছিলেন।ইউসুফ হারুন ও কাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. আনোয়ারুল্লাহ বলেন, দীর্ঘ এক দশক ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা ঝিনাইগাতী সীমান্তের গারো পাহাড়ে তাদের কার্যক্রম চালিয়েছিল। এদের সঙ্গে গ্রেপ্তার হওয়া সাইফুলেরও সংশ্লিষ্টতা ছিল। উলফার লোকজন গারো পাহাড় এলাকায় আস্তানা তৈরি করলেও বর্তমানে তারা এখানে টিকতে পারছে না।গতকাল উদ্ধার করা গুলিসহ এর আগে কয়েক দফায় উদ্ধার করা গোলাবারুদ উলফার হতে পারে বলে ইউসুফ ও আনোয়ারুল্লাহ মনে করেন। স্থানীয় সূত্রগুলো জানায়, উলফার নেতা হিসেবে পরিচিত মাসুদ রঞ্জন চৌধুরী ওরফে রঞ্জু চৌধুরী এবং তাঁর সহযোগী প্রদীপ মারাককে গত বছরের ১৭ জুলাই অস্ত্রসহ গ্রেপ্তার করেন র‌্যাবের সদস্যরা। বর্তমানে তাঁরা কিশোরগঞ্জ জেলা কারাগারে আছেন।শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিসুর রহমান গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় ডিবির এসআই মোস্তাফিজুর বাদী হয়ে সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইনে ঝিনাইগাতী থানায় মামলা করেছেন। প্রাথমিক তদন্তে সাইফুলের বিরুদ্ধে উলফার সঙ্গে এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বেচাকেনার সঙ্গে জড়িত থাকার সত্যতা মিলেছে।এর আগে গত ২৯ জুলাই কাংশার সীমান্তবর্তী গজনী এলাকার একটি কালভার্টের নিচ থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা চায়নিজ রাইফেলের ২৯০টি গুলি উদ্ধার করে। এ ছাড়া পুলিশ গত ৯ মে বাকাকুড়া গ্রাম থেকে ৯৯৫টি এবং ১৭ মে গজনী এলাকা থেকে আরও ৩৬৭টি গুলি উদ্ধার করে।গত বছরের ১৮ ডিসেম্বর সকালে বাকাকুড়া গ্রামের অছির উদ্দিনের বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে পুলিশ রাইফেলের ১৩ হাজার ৬৮০টি তাজা গুলি উদ্ধার করে। একই বছরের ২৫ ডিসেম্বর বিজিবির সদস্যরা ঝিনাইগাতীর নকশি সীমান্ত ফাঁড়ির সদস্যরা ওই গ্রামের গারো পাহাড়ের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি মাইন, একটি গ্রেনেড, ৯৭টি গুলি, মাইন বিস্ফোরক যন্ত্রপাতি ও উলফার বিপুল পরিমাণ সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করেন।অপরদিকে ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর তৎকালীন বিডিআর সদস্যরা ঝিনাইগাতীর বাকাকুড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে প্লাস্টিকের ড্রাম থেকে ২৯ হাজার ১০০ গুলি উদ্ধার করেন। সে সময় বিডিআর রাসেল সাংমা নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে। পরে শেরপুরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত তাঁকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন। বর্তমানে তিনি শেরপুর জেলা কারাগারে রয়েছেন।