ঝিনাইগাতী সীমান্তে চায়নিজ রাইফেলের ১৫১টি গুলি উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী তাওয়াকুচা এলাকা থেকে চায়নিজ রাইফেলের ১৫১টি গুলি উদ্ধার করা হয়েছে। শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ গতকাল বুধবার দুপুরে দুর্গম তাওয়াকুচার একটি সুড়ঙ্গ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই গুলি উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার বা আটক হয়নি। এ নিয়ে গত দুই বছরে পুলিশ ও বিজিবির সদস্যরা ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন থেকে আট দফায় ১৭ হাজার ৪৯টি গুলি উদ্ধার করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে গারো পাহাড়ের দুর্গম তাওয়াকুচা এলাকায় গরু চরানোর সময় একজন রাখাল একটি সুড়ঙ্গ দেখতে পায়। বিষয়টি স্থানীয় লোকজনের মাধ্যমে ঝিনাইগাতী পুলিশ জানতে পারে। দুপুর ১২টায় শেরপুরের পুলিশ সুপার মো. আনিসুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সুড়ঙ্গের ২০ ফুট গভীরে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় চায়নিজ রাইফেলের ১৫১টি গুলি উদ্ধার করেন। এ সময় এলাকাবাসীসহ কাংশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. আনার উল্লাহ উপস্থিত ছিলেন। শেরপুরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার করা গুলি কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের হতে পারে। ২০১১ সালের ৯ মে ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী বাকাকুড়া গ্রাম থেকে পুলিশ ৯৯৫টি গুলি, ১৭ মে গজনী এলাকা থেকে ৩৬৭টি গুলি, ২৯ জুলাই গজনী এলাকার একটি কালভার্টের নিচ থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ২৯০টি গুলি, ২৫ আগস্ট বড় গজনী গ্রাম থেকে পুলিশ চায়নিজ রাইফেলের এক হাজার ২১৯টি গুলি এবং ১৩ সেপ্টেম্বর বিজিবির সদস্যরা পশ্চিম গান্ধিগাঁও গ্রাম থেকে ২৫০টি গুলি উদ্ধার করেন। ২০১০ সালের ১৮ ডিসেম্বর কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের অছির উদ্দিনের বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে পুলিশ চায়নিজ রাইফেলের ১৩ হাজার ৬৮০টি তাজা গুলি উদ্ধার করে। একই বছরের ২৫ ডিসেম্বর ঝিনাইগাতীর নকশী সীমান্ত ফাঁড়ির বিজিবির সদস্যরা বাকাকুড়া গ্রামের গারো পাহাড়ের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি মাইন, একটি গ্রেনেড, ৯৭টি গুলি, মাইন বিস্ফোরক যন্ত্রপাতি ও ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার বিপুল পরিমাণ সাংগঠনিক কাগজপত্র উদ্ধার করেন। এর আগে ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর তৎকালীন বিডিআর সদস্যরা ঝিনাইগাতীর বাকাকুড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে প্লাস্টিকের ড্রাম থেকে ২৯ হাজার ১০০টি গুলি উদ্ধার করেন। সে সময় বিডিআর রাসেল সাংমা নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে আদালত তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেন। তিনি শেরপুর জেলা কারাগারে আটক রয়েছেন।