ঝিনাইগাতী সীমান্তে রকেট লঞ্চারের ৩টি গোলা উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের সীমান্তবর্তী বাকাকুড়া গ্রাম থেকে এবার রকেট লঞ্চারের তিনটি তাজা গোলা উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল নয়টায় বাকাকুড়া গ্রামের জঙ্গলের ভেতর থেকে র্যাব-১২-এর (জামালপুর-শেরপুর অঞ্চল) সদস্যরা পরিত্যক্ত অবস্থায় তিনটি গোলা উদ্ধার করেন। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার বা আটক হয়নি।র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গারো পাহাড়ের সীমান্তে অবৈধ গোলাবারুদ লুকানো রয়েছে—এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১২-এর অধিনায়ক মো. কামাল হোসেনের নেতৃত্বে র্যাবের সদস্যরা গতকাল সকাল নয়টায় ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের জঙ্গলে অভিযান চালায়। এ সময় র্যাবের সদস্যরা মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চারের ৪০ মিলিমিটার ব্যাসের তিনটি তাজা গোলা উদ্ধার করেন। গোলাগুলো একটি প্লাস্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো ছিল। র্যাব-১২-এর (জামালপুর-শেরপুর অঞ্চল) অধিনায়ক মো. কামাল হোসেন বলেন, এসব গোলা কোনো সন্ত্রাসবাদী বা জঙ্গি সংগঠনের হতে পারে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।